যৌতুকের জন্য স্ত্রীকে রড দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে যৌতুকের জন্য সুমি আক্তার (১৯) নামের এক গৃহবধূকে রড দিয়ে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে শিবপুর উপজেলার দত্তের গাঁও পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে সুমির বাবা মো. আরমান মিয়া বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শিবপুর থানায় হত্যাচেষ্টার অভিযোগ দায়ের করেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সাত বছর আগে নরসিংদী সদর উপজেলার ভেলানগর এলাকার মো. আরমান মিয়ার মেয়ে সুমি আক্তারের সঙ্গে একই জেলার শিবপুর উপজেলার দত্তের গাঁও পশ্চিমপাড়া এলাকার আতর আলী ভূঁইয়ার ছেলে নুরুন নবী ভূঁইয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন অজুহাতে বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য নুরুন নবী প্রায় সময়ই সুমির ওপর নির্যাতন করতেন। এর মধ্যে বছর দুয়েক আগে বিদেশে যাওয়ার নাম করে টাকা চাইলে সুমির বাবা আরমান মিয়া মেয়ের সুখের কথা চিন্তা করে জমি বিক্রি করে পাঁচ লাখ টাকা দেন। গত ২০ জুলাই বিদেশ থেকে দেশে ফিরে গাড়ি কেনার অজুহাতে তিনি ১০ লাখ টাকা দাবি করেন। এই টাকা দিতে শ্বশুর আরমান মিয়া অস্বীকৃতি জানালে তিনি সুমিকে মারধর করেন এবং তালাকের ভয় দেখিয়ে সাদা কাগজে জোর করে স্বাক্ষর নেন। সর্বশেষ গত বৃহস্পতিবার রাতে তাঁকে রড দিয়ে পিটিয়ে ও দেশীয় ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় জখম করে ঘরে বন্দী করে রাখেন।সুমি আক্তারের বাবা মো. আরমান মিয়া বলেন, ‘আমার মেয়ে বিয়ের পর থেকে প্রায়ই অভিযোগ করে বলত, ঘাতক নুরুন নবী টাকার জন্য মারধর করে। এ জন্য আমি জমি বিক্রি করে তাকে পাঁচ লাখ টাকা দিয়েছি। এখন ১০ লাখ টাকা না দিলে আমার মেয়েকে জানে মেরে ফেলার হুমকি দিচ্ছে।’এ ব্যাপারে নুরুন নবীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্তের প্রক্রিয়া চলছে।