যৌতুকের জন্য স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

পাঁচ বছর আগে রাজধানীর হাজারীবাগে রাম দুলারী নামের এক নারীকে যৌতুকের জন্য পিটিয়ে হত্যার দায়ে তাঁর স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–৫–এর বিচারক শামসুন্নাহার এই রায় দেন।

দণ্ডিত আসামির নাম কৃষান দাস। রায় ঘোষণার পর তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) আলী আজগর স্বপন প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার নথি বলছে, ২০১৬ সালের ২৭ ফেব্রুয়ারি হাজারীবাগের গগনটুলি এলাকায় দুই লাখ টাকা যৌতুকের জন্য রাম দুলারীকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় হাজারীবাগ থানায় রাম দুলারীর স্বামী কৃষান দাস ও শ্বশুর লালু দাসের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(ক) ধারায় মামলা হয়। ওই মামলা তদন্ত করে হাজারীবাগ থানা পুলিশ ওই বছরের ২৭ জুলাই কৃষান দাস ও তাঁর বাবা লালু দাসের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। ওই বছরের ১ ডিসেম্বর তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

মামলার বিচার চলাকালে রাষ্ট্রপক্ষ থেকে ৯ জন সাক্ষীকে আদালতে হাজির করা হয়। এই দম্পতির তিন বছরের একটি মেয়ে রয়েছে। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী কিশোর রঞ্জন মণ্ডল।