যৌতুকের জন্য স্ত্রীর গায়ে স্পিরিট ঢেলে আগুন
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় যৌতুক না পেয়ে সাবিনা ইয়াসমিন নামের এক গৃহবধূর শরীরে রেকটিফাইড স্পিরিট ঢেলে আগুন দিয়ে তাঁর স্বামী হত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঈদের আগের দিন গত শুক্রবার পৌর এলাকার ধাপসুলতানগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাটি গোপন রাখার জন্য কাউকে না জানিয়ে গুরুতর আহত ওই গৃহবধূকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন তাঁর শ্বশুরবাড়ির লোকজন। ঘটনাটি জানাজানি হলে গত রোববার পুলিশ সাবিনার স্বামী ফারুক হোসেনকে গ্রেপ্তার করে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে ওই গ্রামের বাসিন্দা এবং উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক নজরুল ইসলামের ছেলে ফারুক হোসেনের সঙ্গে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ভান্ডারীপাড়া গ্রামের আবুবক্কর ছিদ্দিকের মেয়ে সাবিনা ইয়াসমিনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য ফারুক তাঁর স্ত্রীকে নির্যাতন করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে সাবিনার শরীরে স্পিরিট ঢেলে আগুন জ্বালিয়ে দেন ফারুক। এতে সাবিনা মারাত্মকভাবে দগ্ধ হন। প্রথমে দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার চিকিৎসকেরা তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। কিন্তু শ্বশুরবাড়ির লোকজন ঘটনাটি গোপন রাখার জন্য সাবিনাকে স্থানীয় সুপ্রিম ডায়াগনস্টিক অ্যান্ড জেনারেল হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে সাবিনার বাবা ওই হাসপাতালে গেলে তাঁকে থানায় অভিযোগ না দেওয়ার জন্য ভয়ভীতি দেখানো হয়।পরে পুলিশ জানতে পেরে গত রোববার সন্ধ্যায় সাবিনার স্বামী ফারুককে গ্রেপ্তার করে এবং ওই দিনই সাবিনার বাবা আবুবক্কর ছিদ্দিক বাদী হয়ে ফারুকসহ চারজনকে আসামি করে দুপচাঁচিয়া থানায় মামলা করেন।সুপ্রিম ডায়াগনস্টিক অ্যান্ড জেনারেল হাসপাতালের পরিচালক চিকিৎসক নিমর্ঞ্চলেন্দু চৌধুরী বলেন, ‘স্থানীয় রাজনৈতিক চাপের মুখে আগুনে পোড়া রোগীকে ভর্তি করাতে বাধ্য হয়েছি। রোগীর বুক ও পিঠের এক পাশ ঝলসে গেছে। রোববার রাতেই ওই রোগীকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’দুপচাঁচিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আলীম জানান, মামলার প্রধান আসামি ফারুককে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামি ফারুকের পরিবারের চার সদস্য পলাতক রয়েছেন।