যৌতুকের জন্য হত্যাকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলক্ষেতের কলেজছাত্রী মনিরা পারভীন হত্যা মামলায় কথিত স্বামী নাসির উদ্দিনসহ ১১ জনের বিরুদ্ধে সম্প্রতি আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। ঘটনার প্রায় সাত মাস পর দুই দফায় তদন্ত করে পুলিশ এ অভিযোগপত্র দেয়।
অভিযোগপত্রে বলা হয়, ১১ জন আসামি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যৌতুকের জন্য মেরে গুরুতর জখম করে মনিরাকে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।
খিলক্ষেতের বড়ুয়া পশ্চিমপাড়ার লাহনিয়ায় গত বছরের ২১ জুন খিলক্ষেত নিকুঞ্জ মডেল কলেজের ছাত্রী মনিরাকে দিন-দুপুরে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এ ঘটনায় ১০ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন মনিরার বাবা মো. মোস্তফা।
মামলার এজাহার ও পরিবারের বক্তব্য অনুযায়ী, ধনী ও প্রভাবশালী পরিবারের সন্তান নাসির উদ্দিন নামের এক যুবক গত ১৮ জুন মনিরাকে গোপনে বিয়ে করেন। বিয়ের পর দুজনই ছিলেন আত্মগোপনে। বিষয়টি জানাজানি হলে নাসিরের পরিবার মনিরার পরিবারের কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করে। কিন্তু মনিরার পরিবারের পক্ষে তা দেওয়া সম্ভব ছিল না। এরই মধ্যে গত ২১ জুন মনিরাকে নিয়ে নাসির বাসায় যান। তখনই নাসিরের স্বজনেরা মনিরার ওপর হামলে পড়েন।
শুরুতে মামলার তদন্ত করেন খিলক্ষেত থানার সাবেক উপপরিদর্শক (এসআই) আবুবকর সিদ্দিক। ঘটনার পর পুলিশ নাসির ও তাঁর চাচা মুন্তাজ উদ্দিনকে গ্রেপ্তার করে। তাঁদের গ্রেপ্তার করেই থমকে যায় তদন্ত। আবুবকর বদলি হওয়ার পর মামলাটির তদন্ত করেন খিলক্ষেত থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন। তিনি যেনতেন তদন্ত করে অভিযোগপত্র দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। ফলে যথাযথ তদন্ত করে মামলার অভিযোগপত্র দেওয়ার জন্য খিলক্ষেত থানার কর্মকর্তাদের কড়া নির্দেশ দেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এরই ধারাবাহিকতায় খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) আশরাফ উদ্দিন আবার মামলার তদন্ত করে গত ১ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দেন।
অভিযোগপত্রে নাসির ছাড়া বাকি আসামিরা হলেন নাসিরের চাচা মুন্তাজ উদ্দিন, বাবা হাছেন আলী, মা নার্গিস আক্তার, বোন হাসিনা, হাসিনার স্বামী মো. মিলন, মিলনের ভাই ও মুন্তাজ উদ্দিনের জামাতা দেলোয়ার হোসেন, নাসিরের চাচা দীন ইসলাম, ফুফু মোসাম্মৎ মনোয়ারা, দীন ইসলামের স্ত্রী হাওয়া বিবি ও নাসিরের ভাই মো. মাসুদ।
অভিযোগপত্র অনুযায়ী, মনিরা পারভীনের সঙ্গে নাসিরের সম্পর্ক ছিল। গত ১৮ জুন তাঁরা দুজন গোপনে বিয়ে করেন এবং মনিরার এক বান্ধবীর বাসায় আশ্রয় নেন। বিয়ের বিষয়টি জানাজানি হওয়ার পর নাসিরের বাবা হাছেন মনিরার বাবা মোস্তফার কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করেন। না হলে বিয়ে মেনে নেওয়া হবে না বলে হুমকি দেন। ২১ জুন নাসির মনিরাকে জানান, তাঁদের বিয়ে তাঁর (নাসির) বাবা-মা মেনে নিয়েছেন। এমন আশ্বাসে ওই দিন সকালে নাসিরের সঙ্গেই শ্বশুড়বাড়িতে যান মনিরা। আর তখনই ওই আসামিদের কেউ হাত ধরে, কেউ চুল ধরে কেউ বা টানা-হিঁচড়া করে লাঠিসোঁটা ও ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে তাঁকে বেদম মারধর করে। ওই সময় নাসির চুপচাপ দাঁড়িয়ে থেকে এমন দৃশ্য দেখলেও কোনো প্রতিবাদ করেননি।
তদন্ত কর্মকর্তা আশরাফ উদ্দিন বলেন, নাসির মনিরাকে বিয়ে করার কথা বললেও কাজী অফিসে এ ব্যাপারে কোনো রেজিস্ট্রি হয়নি। নাসির জানিয়েছেন, তাঁরা এক হুজুরের মাধ্যমে বিয়ে করেছেন। তবে ওই হুজুরকে পাওয়া যায়নি।
তদন্ত কর্মকর্তা বলেন, নাসিরের ভাই মাসুদের নাম এজাহারে ছিল না। কিন্তু সাক্ষ্য-প্রমাণ ও নাসিরের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মাসুদের নাম এসেছে। ফলে অভিযোগপত্রে মাসুদকেও আসামি রাখা হয়েছে।
মনিরার বাবা মোস্তফা প্রথম আলোকে বলেন, ‘আর কোনো মেয়েকে যেন এভাবে অকালে জীবন দিতে না হয়, সে জন্য দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
এদিকে মনিরার পরিবারের অভিযোগ, আসামিরা সবাই উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন। বর্তমানে তাঁদের কেউ হুমকি দিচ্ছেন, কেউবা মীমাংসার জন্য চাপ দিচ্ছেন। এ অবস্থায় নিরাপত্তাহীনতায় আছেন তাঁরা।