মেয়ের বিয়ের যৌতুকের টাকা জোগাড় করতে দেড় বছর আগে রানা প্লাজার একটি পোশাক কারখানার কাজে গিয়েছিলেন জরিনা খাতুন।
পুরো টাকা শোধ করার আগেই ঘটে দুর্ঘটনা। তাঁর কোমরের নিচের অংশ অবশ হয়ে গেছে। দুটি পা থাকলেও হাঁটতে পারেন না। শুধু শুয়ে থেকে দিন কাটে তাঁর।
জরিনা খাতুনের (৩৫) বাড়ি নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাতকুণ্ড গ্রামে। অর্থাভাবে বর্তমানে ওই গ্রামেই বড় বোন ওয়াহিদার বাসায় উঠেছেন। সঙ্গে এসেছেন একমাত্র মেয়ে রোজিনা খাতুন ও তাঁর স্বামী।
জরিনার সঙ্গে কথা বলে জানা যায়, অল্প বয়সেই তাঁর বিয়ে হয়। সন্তান পেটে থাকতেই স্বামী তাঁকে ছেড়ে যান।
মেয়ে রোজিনাকে একাই বড় করেন এবং বিয়ে দেন। বিয়েতে ৪০ হাজার টাকা যৌতুক দেওয়ার কথা ছিল।
জরিনা বলেন, টাকা জমাতে অন্যের উচ্ছিষ্ট খাবার খেয়ে দিন কাটিয়েছেন। না পেলে না খেয়েই থেকেছেন। একটু বেশি পেলে পানিতে ভিজিয়ে রেখে পরের দিন খেয়েছেন। এভাবে মাত্র ৩০০ টাকায় মাস পার করেছেন। টাকা জমিয়ে যৌতুকের ৩০ হাজার টাকা শোধ করেছেন।
রানা প্লাজা ধসের দিন জরিনা আটতলায় কর্মরত ছিলেন। তাঁর কোমরের ওপর একটা বিম ভেঙে পড়ে। হাতের ওপর একটি পিলার আসায় দুটি আঙুল কাটা পড়ে। কিন্তু তিনি কিছুতেই হাত সরাতে পারছিলেন না। এই অবস্থায় সকাল নয়টা থেকে পড়েছিলেন। রাত একটায় তাঁকে উদ্ধার করা হয়।
জরিনা খাতুন জানান, দুর্ঘটনার পর ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসার সময় সরকার থেকে মাত্র ১০ হাজার টাকা আর একখানা কাপড় পেয়েছেন।
ছয় মাস ওই হাসপাতালে থাকলেও সুস্থ হননি। অর্থাভাবে বর্তমানে আর চিকিৎসা করাতে পারছেন না।
মেয়ে রোজিনা খাতুন বলেন, তাঁর বিয়ের যৌতুকের টাকা এখনো শোধ হয়নি। তাঁর স্বামীর মাথাও ঠিক নেই। ভালো থাকলে কাজ করেন। নইলে করেন না।