যৌতুকের টাকা না পাওয়ায় হত্যার চেষ্টা
পাবনার সুজানগর উপজেলার রায়পুর গ্রামে গত মঙ্গলবার রাতে যৌতুকের দাবিতে তানিয়া খাতুন (২৭) নামের এক গৃহবধূকে তাঁর স্বামী শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন। পরে আহত অবস্থায় তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার ও তানিয়ার পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় নয় বছর আগে সেলিম শেখের সঙ্গে তানিয়ার বিয়ে হয়। এরপর থেকেই যৌতুকের জন্য তানিয়ার ওপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে আসছিলেন সেলিম। তানিয়া বেশ কয়েকবার বাবার বাড়ি থেকে টাকা এনেও দেন। সম্প্রতি সেলিম আবার টাকার জন্য তাঁর ওপর চাপ সৃষ্টি করতে শুরু করেন। এরই জের ধরে রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বাধে। একপর্যায়ে সেলিম ক্ষিপ্ত হয়ে তানিয়ার গলা টিপে হত্যার চেষ্টা করেন। ঘটনা টের পেয়ে প্রতিবেশীরা এগিয়ে এলে সেলিম পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তানিয়াকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।