যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ
পাবনা সদর উপজেলার চরঘোষপুর গ্রামে যৌতুক না পেয়ে জলি খাতুন (২৬) নামের এক নারীকে স্বামী ও তাঁর পরিবারের সদস্যরা পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সকালে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে। নিহত নারীর ভাই আবদুর রাজ্জাক বাদী হয়ে ছয়জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার এজাহার ও নিহত জলির স্বজনদের সূত্রে জানা যায়, প্রায় ১৪ বছর আগে একই গ্রামের শিমুল হোসেনের সঙ্গে জলির বিয়ে হয়। এর পর থেকেই শিমুল যৌতুক দাবি করতে থাকেন। জলির পরিবারও মাঝেমাঝে টাকা দিত। সম্প্রতি শিমুল আরও টাকা দাবি করেন। এ নিয়ে দাম্পত্য কলহের জের ধরে গত রোববার রাতে তাঁদের মধ্যে ঝগড়া হয়। সকালে শোবার ঘরে জলির লাশ পরে থাকতে দেখে গ্রামের লোকজন। তখন বাড়িতে আর কেউ ছিল না।
জলির ভাই আবদুর রাজ্জাকের দাবি, রাতে শিমুল ও তাঁর পরিবারের লোকজন জলিকে প্রচণ্ড মারধর করেন। এতেই জলি মারা যান।
পাবনা সদর থানার এসআই অরবিন্দ সরকার বলেন, মেয়েটির শরীরে সামান্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে ঘটনাটি নিশ্চিত হওয়া যাবে।