যৌতুকের টাকা পরিশোধ করতে না পারায় আত্মহনন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের পর ছয় মাস পার না হতেই স্বামীর দাবি করা যৌতুকের টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়ে নওগাঁর রানীনগর উপজেলার লোহাচূড়া গ্রামে বাবার বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বীথি (১৮)। পারিবারিক সূত্রে জানা গেছে, গত রমজান মাসে রানীনগরের লোহাচূড়া গ্রামের খন্দকার মোসলেম উদ্দীনের মেয়ে বীথির জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার হারাগাছা গ্রামের আবদুর রহিমের ছেলে সেনাসদস্য কাজী রাকিবুল হাসানের সঙ্গে বিয়ে (কাবিন) হয়। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিয়ে তুলে নেওয়া হয়নি।বীথির মা ফাতেমা ও বাবা খন্দকার মোসলেম উদ্দীন বলেন, বিয়ের (কাবিন) সময় জামাইকে সাড়ে চার লাখ টাকা যৌতুক দেওয়ার কথা পাকাপাকি হয়। এর মধ্যে এক লাখ টাকা দেওয়া হয়েছে। বাকি টাকা আনুষ্ঠানিকভাবে তুলে নেওয়ার পর দেওয়ার কথা। কিন্তু কাবিনের পর বেশ কিছুদিন ধরে জামাই রকিবুল এবং তাঁর পরিবারের লোকজন যৌতুকের বাকি তিন লাখ টাকা পরিশোধ করার জন্য বারবার চাপ দিয়ে আসছিলেন। সর্বশেষ গত শুক্রবার রাতে বীথির এক ননদ তাঁকে ফোন করে টাকা পরিশোধের জন্য চাপ দেন এবং টাকা দিতে না পারলে সম্পর্ক ছিন্ন করা হবে বলে হুমকি দেন। ঘটনাটি শনিবার সকালে বীথি তাঁর মা-বাবাকে জানান। এরপর দুপুরে বীথি শোয়ারঘরের আড়ার (তির) সঙ্গে গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।রানীনগর থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব হোসেন বলেন, ‘আত্মহত্যার কথা শুনেছি। তবে কেউ কোনো অভিযোগ দেয়নি।’