যৌতুকের দাবি মেটাতে না পারায় গৃহবধূর আত্মহত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌতুকের দাবি মেটাতে না পেরে স্বামীর নির্যাতনের শিকার হয়ে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে সুলতানা আক্তার (২৪) নামের এক গৃহবধূ গত মঙ্গলবার রাতে বসতঘরের ধরনার সঙ্গে গলায় রশি বেঁধে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।গতকাল বুধবার সকালে সুলতানা আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গৃহবধূর স্বামী মাজহারুল মিয়াকে (২৮) আটক করা হয়েছে।স্থানীয় এলাকাবাসী, গৃহবধূর বাবা ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে ধরমপাশা সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের রনু মিয়ার ছেলে মাজহারুল মিয়ার সঙ্গে একই ইউনিয়নের মহদীপুর গ্রামের মস্তুফা মিয়ার মেয়ে সুলতানা আক্তারের বিয়ে হয়। বিয়ের তিন মাস পর থেকে যৌতুকের জন্য মাজহারুল প্রায়ই তাঁকে মারধর করতেন। বিষয়টি গৃহবধূর পরিবারের লোকজন জানতে পেরে মেয়ের সুখের জন্য স্বামীর দাবি করা দুটি গরু ও বিভিন্ন আসবাব দিতে বাধ্য হন। কিছুদিন পর স্বামী আবার নতুন করে সুলতানার কাছে আবদার করেন বাপের বাড়ি থেকে এনে দিতে। বিপাকে পড়েন গৃহবধূ। নতুন করে শুরু হয় সুলতানার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন। অবশেষে লাঞ্ছনা ও অবহেলা সইতে না পেরে সুলতানা আক্তার আত্মহত্যা করতে বাধ্য হন।গৃহবধূর বাবা মস্তুফা মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘পাষণ্ড মাজহারুলকে তার কথামতো একটি মোটরসাইকেল না দেওয়ায় সে আমার মেয়েকে সব সময় গালিগালাজ ও মারধর করত। এ কারণেই অত্যাচার সহ্য করতে না পেরে আমার মেয়ে সুলতানা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’থানায় আটক মাজহারুল বলেন, ‘যৌতুকের দাবিতে আমি তাকে মারধর ও নির্যাতন করিনি। কী কারণে সে আত্মহত্যা করেছে, আমি এর কিছুই জানি না।’ধরমপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান বলেন, যৌতুকের দাবি মেটাতে না পারায় এবং স্বামীর অমানুষিক নির্যাতন সইতে না পেরে সুলতানা আত্মহত্যা করেছেন। আত্মহত্যায় সহায়তা করার অভিযোগে স্বামী মাজহারুলের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। তাঁকে ধরমপাশা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।