দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নুরপুর গ্রামে সুমি আক্তার (২০) নামের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় নিহত গৃহবধূর বাবা বাদী হয়ে গতকাল মঙ্গলবার হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ গতকালই সুমির স্বামী ও শ্বশুরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে উপজেলার রিশিঘাট গ্রামের ময়নুল ইসলামের মেয়ে সুমির সঙ্গে একই উপজেলার নুরপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে শাহাদত হোসেন ওরফে রিমনের বিয়ে হয়। বিয়ের পর সুমির শ্বশুরবাড়ির লোকজন দেড় লাখ টাকা যৌতুক দাবি করে আসছিল। যৌতুক দিতে না পারায় তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। গত সোমবার বেলা তিনটার দিকে রিমন আবারও যৌতুকের টাকা চেয়ে সুমিকে বেদম মারধর করেন। একসময় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। বিকেলের দিকে মুমূর্ষু অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে আধঘণ্টা পর মারা যান তিনি। ময়নুল ইসলাম অভিযোগ করেন, তাঁর মেয়ে তিন-চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ঘোড়াঘাট থানার ওসি এ বি এম জাহিদুল ইসলাম বলেন, সুমির বাঁ চোখের নিচে ও তলপেটে লাঠির আঘাতের চিহ্ন পাওয়া গেছে।