যৌতুকের দাবিতে গৃহবধূকে কুপিয়ে হত্যার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌতুক না পেয়ে নোয়াখালী সদর উপজেলার মোহাব্বতপুর গ্রামে রৌশনারা বেগম (২৮) নামের এক গৃহবধূকে কুপিয়ে ও জবাই করে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ভাশুর আবুল কাশেমকে আটক করেছে।পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, প্রায় আট বছর আগে মোহাব্বতপুর গ্রামের আবুল খায়েরের (৩৮) সঙ্গে বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর গ্রামের মৃত রুহুল আমিনের মেয়ে রৌশনারার বিয়ে হয়। বিয়ের পর বিভিন্ন সময় রৌশনারার পরিবারের পক্ষ থেকে আবুল খায়েরকে যৌতুক হিসেবে টাকাপয়সা ও দাবিকৃত নানা জিনিসপত্র দেওয়া হয়। কিন্তু এর পরও তাঁদের পরিবারে দাম্পত্যকলহ অব্যাহত ছিল এবং আরও যৌতুকের দাবিতে রৌশনারার ওপর প্রায়ই নির্যাতন চলানো হতো।রৌশনারার বড় ভাই মো. হুমায়ুন বলেন, ঘটনার দিন সকাল সাতটার দিকে সামান্য বিষয় নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে স্বামী আবুল খায়ের, ভাশুর আবুল কাশেমসহ পরিবারের অন্য সদস্যরা অতর্কিতে রৌশনারাকে মারধর করতে থাকেন। একপর্যায়ে তাঁরা কুপিয়ে ও জবাই করে রৌশনারকে হত্যার চেষ্টা চালান। এ সময় রৌশনারা ধাক্কা মেরে তাঁদের ফেলে দিয়ে রক্তাক্ত অবস্থায় দৌড়িয়ে প্রাণে রক্ষা পান।পরে স্থানীয় লোকজন রৌশনারাকে উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে পরিবারের লোকজন তাঁকে বেগমগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় তাঁর ভাই বাদী হয়ে সুধারাম থানায় একটি মামলা দায়ের করেছেন।