যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ
নোয়াখালীর চাটখিলে দাবিকৃত যৌতুক না পেয়ে ফাতেমা বেগম (২৫) নামের এক গৃহবধূর ওপর নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার খিলপাড়া ইউনিয়নের শংকরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার গৃহবধূকে পরিবারের লোকজন গত রোববার উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় চাটখিল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে অভিযুক্ত স্বামী ও তাঁর পরিবারের কাউকে এখনো আটক করতে পারেনি পুলিশ।থানায় দেওয়া লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, উপজেলার জীবনগর গ্রামের মৃত আলী হোসেনের মেয়ে ফাতেমা বেগমের সঙ্গে একই উপজেলার শংকরপুর গ্রামের আবু তাহেরের ছেলে মো. সেলিমের ২০০৬ সালের ২০ আগস্ট বিয়ে হয়। বিয়ের সময় সেলিমকে নগদ দেড় লাখ টাকা ও স্বর্ণালংকার দেওয়া হয়। তিন-চার মাস ধরে সেলিম ফাতেমাকে বাপের বাড়ি থেকে তিন লাখ টাকা এনে দিতে বলেন। এ নিয়ে প্রায়ই সংসারে ঝগড়া লেগে থাকত এবং সেলিম যৌতুকের জন্য স্ত্রীকে মারধর করতেন। সর্বশেষ গত শনিবার ফাতেমাকে মারধর করে শ্বশুরবাড়ির একটি কক্ষে আটকে রাখা হয়। হাসপাতালে চিকিৎসাধীন ফাতেমা সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, যৌতুক এনে দিতে রাজি না হওয়ায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা তাঁকে নানাভাবে নির্যাতন করতেন।চাটখিল থানার উপপরিদর্শক মো. শাহাজান প্রথম আলোকে বলেন, ঘটনার বিষয়ে মেয়েটির পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তবে পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা চলার কারণে মামলা করা হয়নি।