যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর গ্রামে শাপলা আক্তার (২২) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গত শুক্রবার রাতে যৌতুকের দাবিতে স্বামী রিয়াজ উদ্দিন তাঁকে হত্যা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই রাতেই অভিযান চালিয়ে পুলিশ রিয়াজকে স্থানীয় আনন্দ-বাজারের জঙ্গল থেকে গ্রেপ্তার করে।নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, সাত বছর আগে পাবনা সদরের ধৈলপুর গ্রামের আকমল মোল্লার ছেলে রিয়াজ উদ্দিনের সঙ্গে গাজীপুর গ্রামের মৃত আবদুস সালামের মেয়ে শাপলার বিয়ে হয়। বিয়ের পর থেকেই রিয়াজ ঘরজামাই হিসেবে বসবাস করেছেন। গত ছয় মাস আগে থেকে একটি ওয়েল্ডিং কারখানা করে দেওয়ার জন্য রিয়াজ শাপলাকে চাপ দেন। ঘটনার রাতে এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাগিবতণ্ডার একপর্যায়ে শাপলাকে রিয়াজ এলোপাতাড়ি মারধর করেন। এতে শাপলার তলপেট দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণের কিছুক্ষণ পর ঘটনাস্থলেই শাপলা মারা যান। এ ব্যাপারে শাপলার মা ফাতেমা বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় মামলা করেছেন। শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।