যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া গ্রামের আবদুল মান্নান তিন লাখ টাকা যৌতুকের দাবিতে সোমবার তাঁর স্ত্রী নাজমা আক্তারকে বেদম মারধর করেছেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় নাজমা বাদী হয়ে স্বামী, শ্বশুর ও দেবরসহ পাঁচজনকে আসামি করে গৌরনদী থানায় মামলা করেন।মামলা সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ১১ মে উপজেলার মাহিলাড়া গ্রামের মো. আলাউদ্দিন সরদারের ছেলে সৌদিপ্রবাসী আবদুল মান্নান সরদারের সঙ্গে একই গ্রামের দিনমজুর আদু সরদারের মেয়ে নাজমা আক্তারের বিয়ে হয়। বিয়ের ছয় মাস পর স্বামী আবদুল মান্নান ছুটি শেষে সৌদি চলে যান। নাজমা বেগম বলেন, ‘বিদেশে থাকা অবস্থায় দু-তিন মাস আগে উনি মোরে মোবাইল করে মোর বাপের বাড়ি থাইক্যা তিন লাখ টাহা আইন্না দেওয়ার কতা বলে। এরপর গত ৭ জানুয়ারি স্বামী মান্নান সৌদি থেকে দেশে ফিরে আসে। ১০ ফেব্রুয়ারি ব্যবসা করার কথা বলে আবার বাবার বাড়ি থেকে তিন লাখ টাকা আনার জন্য চাপ দেয়। বাবার পক্ষে এ টাকা দেওয়া সম্ভব না জানানোর পর থেকে মান্নান প্রায়ই মারধর করে চাপ দিত। সর্বশেষ সোমবার সকালে টাকার জন্য বাবার বাড়িতে যেতে বলে। এতে রাজি না হওয়ায় মান্নান আমাকে মারধর করে। একপর্যায়ে শ্বশুর আলাউদ্দিন, দেবর মনির সরদার ও নকিবুল সরদার রড দিয়ে আমাকে পেটায়।’গতকাল শুক্রবার আবদুল মান্নানসহ তাঁর পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কাউকে পাওয়া যায়নি। তবে প্রতিবেশীরা জানান, মামলার পর থেকে তাঁরা গা ঢাকা দিয়েছেন। গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।