যৌতুকের দাবিতে নববধূকে হত্যা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইল শহরের সাহাপাড়ায় যৌতুকের দাবিতে মন্টি ঘোষ (২১) নামের এক নববধূকে হত্যার অভিযোগ উঠেছে। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিন মাস আগে সাহাপাড়ার রনি ঘোষের সঙ্গে গাজীপুরের কোনাবাড়ী গ্রামের চিনি ঘোষের মেয়ে মন্টির বিয়ে হয়। বিয়ের পর থেকেই রনি যৌতুক দাবি করে আসছিলেন। এ নিয়ে মাঝেমধ্যেই তিনি মন্টিকে নির্যাতন করতেন। এক সপ্তাহ আগে রনি যৌতুক হিসেবে একটি মোটরসাইকেল ও ১০ লাখ টাকার জন্য স্ত্রীকে চাপ দেন। এ বিষয়ে শনিবার বিকেলে একটি সালিসি বৈঠকও হয়। ওই রাতের কোনো একসময় রনি নির্যাতনের একপর্যায়ে শ্বাসরোধে মন্টিকে হত্যা করেন। ঘটনার পর থেকে রনি পলাতক।
সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু ওবায়দা খান জানান, লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।