যৌতুকের দাবিতে নির্যাতন গৃহবধূ হাসপাতালে
স্বামী ও শাশুড়ির অমানুষিক নির্যাতনের শিকার মৌসুমী নামের এক গৃহবধূ তিন দিন ধরে গুরুদাসপুর হাসপাতালে কাতরাচ্ছেন। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের বিন্যাবাড়ী গ্রামে। পুলিশ, নির্যাতনের শিকার গৃহবধূ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার মৌসুমীকে (১৭) তাঁর স্বামী খাজা ও শাশুড়ি ফেলাতুননেছা লাঠি দিয়ে পিটিয়ে এবং পদদলিত করে ঘরে আটকে রাখেন। প্রতিবেশীরা মুঠোফোনে ঘটনাটি মৌসুমীর বাবার বাড়িতে জানায়। খবর পেয়ে সোমবার মৌসুমীকে উদ্ধার করতে যান তাঁর বাবা মজিবুর রহমান। কিন্তু তাঁকেও পিটিয়ে ফেরত পাঠান খাজা। মঙ্গলবার পুলিশ গিয়ে মৌসুমীকে উদ্ধার করে। ওই দিনই তাঁকে গুরুদাসপুর হাসপাতালে ভর্তি করা হয়।মৌসুমীর পরিবার সূত্রে জানা গেছে, গুরুদাসপুরের খুবজীপুর ইউনিয়নের রুহাই গ্রামের দিনমজুর মজিবুর রহমানের মেয়ে মৌসুমী কলেজে পড়াকালীন মুঠোফোনে বিন্যাবাড়ী গ্রামের ছইমুদ্দীন ফকিরের ছেলে খাজার সঙ্গে পরিচয় হয়। গত বছরের ডিসেম্বরে তাঁদের বিয়ে হয়। মৌসুমী অভিযোগ করেন, যৌতুকের দাবিতে শাশুড়ি ও স্বামী তাঁর ওপর নির্যাতন চালাতেন। দুই মাস আগেও তাঁকে বেধড়ক মারপিট করা হয়েছে। মৌসুমীর বাবা জানান, তাঁর মেয়েকে হত্যার চেষ্টা করা হয়েছে। তাঁকেও মারপিট করা হয়েছে। এ ব্যাপারে তিনি তাড়াশ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।এ ব্যাপারে খাজা বা তাঁর পরিবারের কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তাড়াশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন ও খুবজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম মৌসুমীর ওপর নির্যাতনের সত্যতা নিশ্চিত করে বলেন তাঁরা এ নিয়ে একাধিকবার সালিস বৈঠক করলেও কোনো কাজ হয়নি। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান গতকাল শুক্রবার বলেন, মেয়ের বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে মেয়েটিকে মুমূর্ষু অবস্থায় স্বামীর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত মামলা হয়নি।