যৌতুকের দাবিতে বরুড়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ
যৌতুকের দাবিতে কুমিল্লার বরুড়া উপজেলার দক্ষিণ শিলমুড়ি ইউনিয়নের মনোহরা গ্রামের গৃহবধূ সাহিদা আক্তারকে (২০) পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার সকাল সাতটায় সাহিদার স্বামী ও তাঁর পরিবারের সদস্যরা যৌথভাবে হামলা করে তাঁকে হত্যা করে বলে জানা গেছে। এ ব্যাপারে নিহতের ভাই আবদুল কাদের বাদী হয়ে বরুড়া থানায় চারজনের নামে হত্যা মামলা দায়ের করেন। বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম বদিউজ্জামান প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন। এ ব্যাপারে নিহত সাহিদা আক্তারের ভাই আবদুল কাদের বাদী হয়ে বরুড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন সাহিদার স্বামী জামালউদ্দিন ওরফে এতিম আলী (২৭), তাঁর বড় ভাই সেলিম মিয়া (৩৫), মা জরিফা খাতুন (৫৫) ও সেলিম মিয়ার স্ত্রী সুমি আক্তার (২৮)। ওসি এম বদিউজ্জামান বলেন, ‘যৌতুকের দাবি পূরণ না হওয়ায় ওই গৃহবধূকে হত্যা করা হয়। আসামিরা প্রথমে বিষপানে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে।