যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, স্বামীর তিন বছরের কারাদণ্ড
যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করার অভিযোগে স্বামীর তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. রেজাউল করিম এ রায় দেন। সাজাপ্রাপ্ত স্বামীর নাম লক্ষ্মণ নাথ। তিনি চট্টগ্রামের আনোয়ারা থানার সিংহারা গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় আদালতে হাজির ছিলেন লক্ষ্মণ নাথ। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়। ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) চন্দন তালুকদার বলেন, ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১ (খ) ধারা অনুসারে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি লক্ষ্মণ নাথকে তিন বছরের সশ্রম কারাদাণ্ড এবং ৩০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।’আদালত সূত্রে জানা গেছে, ২০০৩ সালের ২৬ জুলাই আনোয়ারা থানার সিংহারা গ্রামের গৃহবধূ অর্চনা দেবী তাঁর স্বামী লক্ষ্মণ নাথ, শ্বশুর-শাশুড়িসহ ছয়জনের বিরুদ্ধে বিচারিক হাকিমের আদালতে অভিযোগ করেন। ওই অভিযোগে বলা হয়, এক লাখ টাকা যৌতুকের দাবিতে লক্ষ্মণ নাথ তাঁকে শারীরিকভাবে নির্যাতন করেন। এরপর ২০০৩ সালের ৯ আগস্ট বিচারিক হাকিমের নির্দেশে আনোয়ারা থানা অর্চনা দেবীর অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে। এতে ছয়জনকে আসামি করা হয়। তদন্ত শেষে ২০০৩ সালের ২১ অক্টোবর পুলিশ লক্ষ্মণ নাথকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। ২০০৪ সালের ২০ জুলাই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলার ১৩ জন সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল আদালত রায় দেন।