যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় যৌতুকের দাবিতে তানজিনা আক্তার রেখা (২২) নামের এক গৃহবধূকে অমানুষিক নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ তানজিনা জানান, প্রায় সাত বছর আগে উপজেলার পূর্ব ফতেহাবাদ গ্রামের মনিরুল ইসলামের (৩৫) সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর থেকেই ব্যবসা ও বিদেশে যাওয়ার নাম করে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন যৌতুক চেয়ে আসছেন। তিনি দাবি করেন, চাপে পড়ে এ পর্যন্ত বিভিন্ন সময় চাচাদের কাছ থেকে আট লাখ টাকা এনে তিনি স্বামীকে দিয়েছেন। এক মাস আগেও ৫০ হাজার টাকা দেন। এর পরও তাঁর মাদকাসক্ত স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন যৌতুক দাবি করেন। এ টাকা দিতে না পারায় তাঁর ওপর নেমে আসে অমানুষিক নির্যাতন। তাঁর মাদকাসক্ত স্বামী সিগারেটের আগুন, রডের ছ্যাঁকা, ইলেকট্রিক শক, লাঠিপেটাসহ নানাভাবে নির্যাতন করেছেন। এতে তাঁর সারা শরীর ক্ষতবিক্ষত হয়েছে। তানজিনা অভিযোগ করেন, গত ৫ জুন খাওয়া-দাওয়া শেষে অন্যান্য দিনের মতো রাত সাড়ে ১০টার দিকে মেয়ে মাইশাকে (৪) নিয়ে তিনি ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর তাঁর স্বামী ও ভাশুর লিটনসহ চার-পাঁচজন তাঁর ঘরে ঢোকে। তারা তাঁকে মারধর করে খাটের সঙ্গে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে উদ্যত হয়। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরদিন সকালে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।তানজিনা আরও অভিযোগ করেন, তাঁর ওপর নির্যাতনের কথা পাড়া-প্রতিবেশীকে বলে দেওয়ায় তাঁর ছেলে তানজিমকে (৫) এক মাস আগে অপহরণ করা হয়। গতকাল শনিবার হাসপাতালে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি বাঁচতে চাই, ওই নরপশুদের হাত থেকে আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলতে চায়।’ দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার নাথ জানান, এ ঘটনায় গৃহবধূ তানজিনা বাদী হয়ে তাঁর স্বামী, ভাশুর ফারুক হোসেন, দেবর লিটন মিয়া ও খোরশেদ আলম, ননদ আয়শা বেগম এবং জা লিপি আক্তারকে আসামি করে গত শুক্রবার থানায় মামলা করেছেন। পুলিশ উপজেলার কালিকাপুর এলাকা থেকে ফারুককে (৩৬) গ্রেপ্তার করেছে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।মামলার তদন্ত কর্মকর্তা দেবীদ্বার থানার সহকারী পরিদর্শক (এসআই) সহিদুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে গৃহবধূ তানজিনার ওপর নির্যাতনের প্রমাণ পাওয়া গেছে। হাসপাতালে মেয়েটির নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে বলে তিনি জানান।