যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের সদর উপজেলার গাজারিয়াপাড়া এলাকায় যৌতুকের দাবিতে জান্নাতুল ফেরদৌসকে (২৩) পুড়িয়ে হত্যার অভিযোগে বরিশাল থেকে গতকাল বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাঁর স্বামীকে গ্রেপ্তার করেছে। তিনি ওই গ্রামের বেনায়েত উল্লাহর ছেলে হানিফ সরকার।পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সদর উপজেলার গাজারিয়াপাড়া এলাকার হানিফ সরকারের সঙ্গে একই উপজেলার চান্দুরা বড়বাড়ি এলাকার বাবুল হোসেনের মেয়ে জান্নাতুল ফেরদৌসের বিয়ে হয়। বিয়ের প্রায় এক বছর পর শ্বশুরবাড়িতে পাঁচ লাখ টাকা দাবি করে হানিফ। যৌতুকের টাকা না দেওয়ায় গত ৫ আগস্ট জান্নাতুলকে স্বামী হানিফ ও শাশুড়ি আয়েশা মিলে জান্নাতুল ফেরদৌসের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৫ আগস্ট জান্নাতুল মারা যান। ওই সময় তিনি দেড় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এ ব্যাপারে নিহত জান্নাতুলের চাচা রুহুল আমিন বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা করেন। ওই ঘটনার পর থেকে স্বামী পলাতক। পরে পুলিশ গোপান সংবাদে খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার বরিশালের বানাড়ীপাড়া উপজেলার সৈয়দকাঠি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে গাজীপুরে নিয়ে আসে।হোতাপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই মামলার আরও দুই আসামিকে আগে গ্রেপ্তার করা হলে তারা জামিনে এলেও স্বামী হানিফ পলাতক ছিলেন।