যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর, মাথা ন্যাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌতুকের দাবিতে এক ব্যক্তি তাঁর স্ত্রীকে মারধর করে মাথা ন্যাড়া করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে রংপুর সদর উপজেলার তপোধন ইউনিয়নে।হাসপাতাল সূত্রে জানা গেছে, রমজান আলীর নির্যাতনে আহত হয়ে তাঁর স্ত্রী ফাতেমা বেগম ১৯ জুন থেকে গত সোমবার পর্যন্ত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। রোববার ফাতেমা বেগম কাঁদতে কাঁদতে বলেন, ‘আমি ভালোবাসিয়া বিয়া করছি। ওই সময় ওমরা (স্বামী) এত খারাপ আচরণ দেখি নাই। বিয়া করার পর রাইত হইলে খালি মারে। বাপের জমি বেচেয়া এক লাখ টাকা যৌতুক চায়। এটা দিবার না চাইলে শেষমেশ একদিন ওমরা মোক জাপটে ধরে। আর বাড়ির সবায় আসিয়া মোর মাথার কী সন্দুর চুলগুনা কাটি দেয়। মুই মোর এই নির্যাতন করা স্বামীর সাথে সংসার কইরবার নাও।’ফাতেমা এই নির্যাতনের বিচার দাবি করে সোমবার রংপুর কোতোয়ালি থানায় একটি মামলা করেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, রংপুর সদর উপজেলার তপোধন ইউনিয়নের বাহার কাছনা বাঙ্গীটারি গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে রমজান আলীর সঙ্গে একই গ্রামের ফেরদৌস আলীর মেয়ে ফাতেমা বেগমের বিয়ে হয় গত ৬ ফেব্রুয়ারি। বিয়ের পর থেকে স্বামী ব্যবসার কথা বলে এক লাখ টাকা যৌতুক দাবি করেন। এত টাকা দিতে অস্বীকৃতি জানালে রমজান তাঁর স্ত্রীকে প্রায় দিনই শারীরিকভাবে নির্যাতন করতেন। এর প্রতিবাদ করা হলে ঘরে বন্ধ করে রাখা হতো। এভাবে নির্যাতন চালাতে চালাতে ১৮ জুন রমজান ও তাঁর পরিবারের লোকজন ফাতেমার মাথার সব চুল কেটে ন্যাড়া করে দেয়। এর পরও নির্যাতন কমে না। এরপর ওই রাতে পালিয়ে বাবার বাড়িতে গিয়ে রক্ষা পায়। এরপরের দিন ১৯ জুন তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।ফাতেমার বাবা ফেরদৌস আলী বলেন, ‘মেয়ের সুখের কথা ভাবিয়া বিয়া দিছিনো। এলা সেই বিয়া কাল হয়া গেইল। হামার মেয়ের কপালোত এমনই দুঃখ আছিল বাহে?’মা দুলালী বেগম মেয়ের নির্যাতনের বিচার দাবি করে বলেন, ‘মেয়েটা যে বাঁচি আছে এইটায় ভাগ্য।’ রমজান আলীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তার মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়। তবে তার বাবা আনোয়ারুল ইসলাম বলেন, ‘স্বামী-স্ত্রীর মধ্যে সামান্য কথা-কাটাকাটি হয়েছে।’ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন বলেন, ‘এ ব্যাপারে নারী নির্যাতন আইনে একটি মামলা হয়েছে।’