যৌতুকের দাবিতে স্বামীর দেওয়া আগুনে প্রাণ গেল সাথীর!
রাজশাহী নগরে গতকাল বুধবার আগুনে পুড়ে সাথী খাতুন নামের একজন গৃহবধূর মৃত্যু হয়েছে। যৌতুক না পেয়ে স্বামী আরিফ হোসেন তাঁর শরীরে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ উঠেছে। সাথীর পরিবার সূত্রে জানা গেছে, বছর খানেক আগে নগরের রানীনগর এলাকার প্রাইভেট কার চালক আরিফ হোসেনের সঙ্গে হেতম খাঁ সবজিপাড়া এলাকার সাথীর বিয়ে হয়। বিয়ের পর থেকে আরিফ যৌতুকের জন্য সাথীকে নির্যাতন করতেন। এ কারণে বিয়ের কিছুদিন পর সাথী বাবার বাড়ি চলে যান। চার-পাঁচ মাস আগে আরিফ ভুল স্বীকার করে সাথীকে নিজের বাড়িতে নিয়ে যান। কয়েক দিন পর আবার যৌতুকের জন্য নির্যাতন শুরু করেন। সর্বশেষ গতকাল বিকেলে আরিফ ও তাঁর পরিবারের লোকজন যৌতুক না পেয়ে সাথীকে মারধর করতে থাকেন। একপর্যায়ে আগুন ধরিয়ে দেন। এ সময় তাঁর চিৎকারে পাশের বাড়ির লোকজন এসে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সাথীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক সাইফুল ফেরদৌস জানান, সাথীর শরীরের প্রায় ৯০ শতাংশ ঝলসে গেছে। হাসপাতালে ভর্তি করার পর তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ সাথীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যায়। সাথীর বড় বোন শাহনাজ জামান অভিযোগ করেন, যৌতুকের কারণেই তাঁর বোনকে আগুনে পুড়িয়ে মারা হয়েছে। তাঁর ছোট ভাই মো. সুজন জানান, তাঁরা মামলা করবেন। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. শাহরিয়ার প্রথম আলোকে জানান, ঘটনার পর আরিফসহ তাঁর পরিবারের লোকজন পালিয়ে গেছে।