যৌতুকের দাবিতে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজের দুদিন পর গতকাল সোমবার চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের একটি পুকুর থেকে অ্যানি চৌধুরী (২১) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। যৌতুকের জন্য তাঁকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বোয়ালখালী উপজেলার সম্ভু চৌধুরীর মেয়ে অ্যানি চৌধুরীর সঙ্গে মিরসরাইয়ের সাতবাড়িয়া গ্রামের রাজীব দের বিয়ে হয় দুই বছর আগে।
অ্যানির শাশুড়ি মীরা দে জানান, শনিবার দুপুরে গোসল করার জন্য অ্যানি পুকুরে যান। দীর্ঘ সময় ধরে তিনি ঘরে না আসায় চারদিকে অনেক খোঁজাখুঁজি করা হয়। পুকুরে জাল দিয়েও তাঁকে খোঁজা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, রোববার নিজামপুর পুলিশ তদন্তকেন্দ্রে অ্যানির দেবর সঞ্জয় দে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। গতকাল সকালে স্থানীয় লোকজন পুকুরে অ্যানির চুল ও হাতের আংশিক ভাসতে দেখে পুলিশে খবর দেন।
অ্যানির বাবা সম্ভু চৌধুরীর অভিযোগ, বিয়ের পর থেকে স্বামী রাজীব দে, শাশুড়ি মীরা রানী দে, ননদ দীপ্তি যৌতুকের জন্য অ্যানিকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। তাঁর দাবি, শ্বশুরবাড়ির লোকজন তাঁর মেয়েকে হত্যা করেছে।
পুলিশ জানায়, এ ঘটনায় অ্যানির মামা তাপস চৌধুরী মিরসরাই থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত অ্যানির স্বামী রাজীব দে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁঞা জানান, অ্যানির হাতে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। মানসিক নির্যাতনের বিষয়টির সত্যতা পাওয়া গেছে।
ওসি জানান, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য অ্যানির লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।