খাগড়াছড়ির দীঘিনালায় যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার অভিযোগে দায়ের করা মামলায় গতকাল মঙ্গলবার মনিরুল ইসলাম (২৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে উপজেলার পূর্ব থানাপাড়া এলাকার মনিরুলের বাসা থেকে তাঁর স্ত্রী রুমি আক্তারের (২৪) লাশ উদ্ধার করে পুলিশ।
রুমি আক্তারের বাবার বাড়ির লোকজনের অভিযোগ, যৌতুকের জন্য নির্যাতনের একপর্যায়ে রুমি অজ্ঞান হয়ে গেলে মৃত্যু হয়েছে ভেবে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার জন্য লাশটি সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখেন মনিরুল। এ ঘটনায় ওই গৃহবধূর ভাই থানায় হত্যা মামলা করেছেন।
চার বছর আগে উপজেলার মধ্য বেতছড়ি এলাকার মনিরুলের সঙ্গে রাঙামাটির বাঘাইছড়ি মুসলিম ব্লক গ্রামের রুমি আক্তারের বিয়ে হয়।
পুলিশ ও নিহত গৃহবধূর স্বজনদের ভাষ্যমতে, বিয়ের পর থেকে মনিরুল যৌতুকের জন্য স্ত্রীর ওপর নির্যাতন চালাতেন। বাবার বাড়ি থেকে ৫০ হাজার টাকা এনে দেওয়ার জন্য সোমবার রাতে ও মঙ্গলবার সকালেও মনিরুল স্ত্রীর ওপর নির্যাতন চালান। একপর্যায়ে রুমি অজ্ঞান হয়ে গেলে মনিরুল ঘরের সিলিং ফ্যানের সঙ্গে স্ত্রীকে ঝুলিয়ে রেখে দেড় বছর বয়সী মেয়ে মৌটুসীকে নিয়ে বাসা থেকে বের হয়ে যান।
রুমি আক্তারের বড় ভাই মো. হাবিব বলেন, ‘বোনের সুখের জন্য বিভিন্ন সময়ে সাড়ে পাঁচ লাখ টাকা দিয়েছি। দোকানও খুলে দিয়েছি। গত এক সপ্তাহ আগে সে (মনিরুল) আরও ৫০ হাজার টাকা দাবি করে। আমি কিছুদিন পর দেব বলে কথা দিয়েছি। তারপরও সে আমার বোনকে নির্যাতন করে মেরে ফেলেছে।’
থানাহাজতে মনিরুল বলেন, তিনি হত্যা করেননি। তবে রাতে ও সকালে সামান্য মারধর করেছেন বলে তিনি স্বীকার করেন।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন বলেন, নির্যাতনের একপর্যায়ে রুমি অজ্ঞান হয়ে গেলে মৃত্যু হয়েছে ভেবে তাঁকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে মনিরুল চালিয়ে দিতে চেয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করে আত্মহত্যার কোনো লক্ষণ দেখা যায়নি। ওই গৃহবধূর শরীরে আঘাতের চিহ্ন আছে। লাশের পা খাটে লাগানো ছিল।
স্বামীর হাতে স্ত্রী খুন?
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম জানান, চট্টগ্রামে পারিবারিক কলহের জের ধরে মাসুদ (২৪) নামের এক ব্যক্তি তাঁর স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাতে নগরের চকবাজার শাহ মোহাম্মদ আলী লেন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ মাসুদকে গ্রেপ্তার করেছে। নগরের চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ারুল ইসলাম বলেন, পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান মাসুদ। পরে চকবাজার এলাকার কাঁচাবাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, কলহের জের ধরে স্ত্রীকে হত্যা করেন। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে।