যৌতুকের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্যাতন আর অত্যাচারের বিচার না পেয়ে কামরুন্নাহার ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের মগটুলা ইউপি নির্বাচনে সাবেক স্বামী বদরুজ্জামান মামুনের বিরুদ্ধে চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন। স্ত্রীর প্রতীক টেলিফোন, স্বামীর প্রতীক তালা।জানা যায়, ওই ইউনিয়নের নাউরি গ্রামের বদরুজ্জামান মামুন ১৯৯১ সালে ভালোবেসে বিয়ে করেন নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের রায়পাশা গ্রামের মো. আবদুল কাদিরের মেয়ে মোছা. কামরুন্নাহারকে। বিয়ের পর থেকে যৌতুকের দাবি মেটাতে না পেরে দাম্পত্য কলহের কারণে তাঁদের মধ্যে বনিবনা হচ্ছিল না। ইতিমধ্যে তাঁদের ঘরে তিনটি সন্তান জন্ম নেয়। কামরুন্নাহার বলেন, ‘অত্যাচার-নির্যাতন সহ্য করেও তিনটি সন্তানের মুখের দিকে তাকিয়ে ও সংসার টিকে থাকার আশায় বাবার বাড়ি থেকে যৌতুক হিসেবে দুবারে মোট তিন লাখ টাকা এনে দিই। তারপরও স্বামীর মন পাইনি, অত্যাচার-নির্যাতনের মাত্রা বাড়তে থাকে।’কামরুন্নাহার আরও জানান, এরই মধ্যে তাঁর স্বামী গোপনে আরেকটি বিয়ে করেন। বিষয়টি জানতে পেরে প্রতিবাদ করায় তাঁকে তালাক দেওয়া হয়। মানসম্মান ও সামাজিকতার ভয়ে কাউকে কিছু না বলে আসন্ন নির্বাচনে প্রতিবাদী হিসেবে তাঁর অত্যাচারী স্বামীর বিরুদ্ধে ভোটযুদ্ধে নেমেছেন। নাউরি গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদের মেম্বার মো. আবুল কাশেম জানান, স্বামী-স্ত্রী একে অন্যের বিরুদ্ধে প্রার্থী হওয়ায় তাঁরা বিভ্রান্তিতে রয়েছেন।কামরুন্নাহারের স্বামী মো. বদরুজ্জামান জানান, উচ্ছৃঙ্খল জীবনযাপনের কারণে ২০ মাস আগে কামরুন্নাহারকে তিনি তালাক দিয়েছেন। এখন স্ত্রী হিসেবে তিনি আর নিজেকে দাবি করতে পারেন না। তিনি আরও জানান, প্রতিপক্ষ নির্বাচনী কৌশল হিসেবে তাঁকে দাঁড় করিয়েছে।