যৌতুকের বলি দম্পতি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের আকাশকুড়ি গ্রামে মঙ্গলবার ভোরে এক দম্পতি বিষপানে আত্মহত্যা করেছে। যৌতুকের টাকার তাগাদায় অতীষ্ঠ হয়ে তাঁরা আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী ও ডিমলা থানার পুলিশ জানায়, বছরখানেক আগে উপজেলার আকাশকুড়ি গ্রামের সফর উদ্দীনের ছেলে জামিনুর রহমানের সঙ্গে তিতপাড়া গ্রামের মোবারক হোসেনের মেয়ে মুক্তা বেগমের প্রেম করে বিয়ে হয়। মুক্তার বাবা অভিযোগ করে বলেন, ‘প্রথম দিকে মুক্তার শ্বশুর-শাশুড়ি এ বিয়ে মেনে নেননি। পরে ৭৫ হাজার টাকা যৌতুকে তাঁরা বিয়ে মেনে নেন। আমি ৫৫ হাজার টাকা দিয়েছি; বাকি ২০ হাজার টাকার জন্য আমার মেয়ে ও জামাইকে নানাভাবে নির্যাতনের শিকার হতে হয়েছে।’ মোবারক বলেন, ‘আমি এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার একটি অভিযোগ থানায় দিয়েছি, কিন্তু থানা সেটি নেয়নি।’ এলাকাবাসীর ধারণা, স্ত্রীর ওপর নির্যাতন সহ্য করতে না পেরে জামিনুর ও তাঁর স্ত্রী মুক্তা মঙ্গলবার ভোরে বিষপান করেন। এলাকাবাসী তাঁদের মুমূর্ষু অবস্থায় ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন। নাউতরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেন, প্রেমের বিয়ে ছেলের বাবা-মা মেনে না নেওয়ায় প্রায় পাঁচ মাস আগে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বসে বিষয়টি সামাজিকভাবে মীমাংসা করে দেন। কিন্তু কী কারণে তাঁরা বিষ খেয়েছেন, তা সঠিকভাবে জানা যাচ্ছে না।ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা শমসের আলী বলেন, হাসপাতালে আনার পর ওই দম্পতির মুখে বিষের গন্ধ পাওয়া গেছে। তবে কীভাবে তাঁদের মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত বলা যাবে না। ডিমলা থানার উপপরিদর্শক (এসআই) মোকাররম জানান, অভিযুক্ত ব্যক্তিদের নির্যাতনের কারণে তাঁরা বিষ পান করেছেন কি না, তা তদন্তে বেরিয়ে আসবে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।