যৌতুকের বলি হলেন সাবিনা
৫০ হাজার টাকা যৌতুকের শর্তে রাজি হলেই বিয়ে। জমি বিক্রি করে আর বাড়ি বাড়ি ঘুরে জোগাড় করা ৪০ হাজার টাকা তুলেও দেওয়া হয় ছেলের হাতে। বিয়েও হলো। কিন্তু কিছু দিন না যেতেই শুরু হলো বাকি ১০ হাজার টাকা আদায়ে নানা নির্যাতন। সেই সঙ্গে কটূক্তি। এভাবে প্রায় চার মাসের মাথায় গত মঙ্গলবার মেয়ে সাবিনা আক্তারের (১৯) লাশ নিয়ে নিজের বাড়িতে ফিরলেন মা মোসলেমা বেওয়া। মোসলেমার বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার পাহাড়ভাঙ্গা গ্রামের পূর্বপাড়ায়। স্বামীর মৃত্যুর পর বেশ অভাব-অনটনেই দিন কাটে। ছয় মেয়ে ও দুই ছেলের মধ্যে সাবিনা ছোট। সাবিনার বিয়ে হয় একই গ্রামের জোতপাড়ার বাবুল হোসেনের ছেলে মাহবুবের (২৫) সঙ্গে। গতকাল বুধবার পূর্বপাড়ায় মোসলেমার সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘গত সোমবার গভীর রাতে খবর আসে, সাবিনা বিষ খেয়েছে। পরদিন মঙ্গলবার সকালে ওর স্বামীর বাড়িতে গিয়ে দেখি, কেউ নেই। ঘরে পড়ে আছে সাবিনার নিথর শরীর। ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে তাঁকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।