যৌতুকের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান
যৌতুকের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে গতকাল বৃহস্পতিবার পটুয়াখালীতে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে যৌতুকবিরোধী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকাল ১০টায় পটুয়াখালী প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন কর্মসূচিতে গত ২৫ সেপ্টেম্বর যৌতুকের নিষ্ঠুরতার শিকার সদর উপজেলার মৌকরন গ্রামের সুকরিয়া বেগমের মা কোহিনুর বেগমসহ গ্রামের অর্ধশতাধিক নারী-পুরুষ অংশ নেন। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা এই যৌতুকবিরোধী মানববন্ধনে অংশ নিয়ে পঙ্গু হয়ে যাওয়া সুকরিয়া বেগমের যৌতুকলোভী স্বামী শাহীন তালুকদারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধন কর্মসূচি চলাকালে প্রথম আলোর পটুয়াখালী বন্ধুসভার উপদেষ্টা অশোক দাস বলেন, ‘যৌতুক আমাদের সমাজের মারাত্মক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। যৌতুকের নিষ্ঠুরতার শিকার হয়েছেন গৃহবধূ সুকরিয়া বেগম। যৌতুকের বিরুদ্ধে আমাদের সচেতন হতে হবে। আর যেন সুকরিয়ার মতো কোনো গৃহবধূ যৌতুকের জন্য নির্যাতনের শিকার না হন।’ সুকরিয়া বেগমের মা কোহিনুর বেগম জানান, তাঁর মেয়ে পা হারিয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। আর্থিক অসচ্ছলতার কারণে সঠিকভাবে তাঁর চিকিৎসা করাতে পারছেন না। তিনি সুকরিয়ার চিকিৎসার জন্য সবার কাছে সহায়তা চান। এ ছাড়া বক্তব্য দেন জাহানারা হারুণ, সামছুন্নাহার, ব্র্যাকের মানবাধিকার ও আইনসহায়তা কর্মসূচির ব্যবস্থাপক নিত্যানন্দ, সার্সের নির্বাহী পরিচালক শাহ আলম প্রমুখ। যৌতুক না পেয়ে গত ২৫ সেপ্টেম্বর সকালে সদর উপজেলার মৌকরন গ্রামের শাহীন দা দিয়ে উপর্যুপরি কুপিয়ে তাঁর স্ত্রী সুকরিয়া বেগমের ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলেন। ওই দিন রাত আটটার দিকে পুলিশ শাহীনকে গ্রেপ্তার করে।