যৌতুকের মামলায় গ্রেপ্তার কথিত পীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার নওবাড়িয়ার আস্তানা থেকে কথিত পীর মামুন আর রশিদ ওরফে মামুন পাগলাকে গতকাল রোববার সন্ধ্যায় গ্রেপ্তার করেছে পুলিশ। যৌতুক দাবি করার অভিযোগে মামুন পাগলার স্ত্রী রাশিদা বেগমের দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, এক বছর আগে মামুন পাগলা প্রথমে উপজেলার সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নে ছলিমের জঙ্গলে আস্তানা স্থাপন করেন। পীরের কাছ থেকে পানি, মাটি, তেল ও মুড়ি পড়া নিতে সেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় করত। পরে তিনি ওই আস্তানা ত্যাগ করে নওবাড়িয়ার মতি মিয়ার বাড়িতে একটি এবং গচিহাটা স্টেশনের কাছে আরেকটি আস্তানা গড়ে তোলেন। এই দুই আস্তানায়ও প্রতিদিন মানুষের ভিড় থাকত।কটিয়াদী থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, মামুন পাগলার স্ত্রী রাশিদা বেগম সম্প্রতি কুষ্টিয়ার ভেড়ামারা আদালতে যৌতুক দাবি করার অভিযোগে মামুনের বিরুদ্ধে মামলা করেন। এরপর আদালত মামুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আজ (রোববার) গ্রেপ্তারি পরোয়ানা পাওয়ার পর মামুনকে গ্রেপ্তার করা হয়েছে।