যৌতুকের মামলায় বুয়েট শিক্ষক কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানিসম্পদ কৌশল বিভাগের শিক্ষক আরিফুর রহমানকে যৌতুকের মামলায় কারাগারে পাঠানো হয়েছে। স্ত্রী রেবেকা সুলতানার (২৭) করা মামলায় কিশোরগঞ্জের বিচারিক হাকিম আদালত-১-এর বিচারক মোহাম্মদ আলী আহসান গতকাল মঙ্গলবার বিকেলে আরিফুরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আইনজীবীর অভিযোগ, জেলা ও দায়রা জজ আ ম ম সাঈদ এবং শিক্ষক আরিফুর একই এলাকার বাসিন্দা। তাই তিনি ওই শিক্ষককে জামিন দিতে বিচারকাজ শুরুর আগেই গতকাল অভিযুক্ত শিক্ষক ও আইনজীবী নেতাদের ডেকে মীমাংসার চেষ্টা চালান। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শহীদুল আলম জানান, জেলা ও দায়রা জজ বিষয়টির সম্মানজনক মীমাংসার জন্য আইনজীবীদের ডেকেছিলেন। আইনজীবীরা তাঁকে জানিয়ে দিয়েছেন, বাদীপক্ষের আপত্তি না থাকলে জামিনে তাঁদেরও আপত্তি নেই। আইনজীবী মো. নজরুল ইসলাম জানান, এ মামলায় আসামিকে জামিন দেওয়া যায় না। তার পরও মামলা দায়েরের পর প্রথম হাজিরার সময় আদালত বিষয়টি বাদীর সঙ্গে আপস মীমাংসার শর্ত সাপেক্ষে আরিফুরকে জামিন দেন। আজ (মঙ্গলবার) ছিল মামলার পরবর্তী তারিখ। শর্তপূরণ না হওয়ায় আইনজীবীরা সম্মিলিতভাবে জামিনের বিরোধিতা করেন। আদালত শিক্ষক আরিফুরের জামিন নামঞ্জুর করেন।এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করেও জেলা ও দায়রা জজ আ ম ম সাঈদকে পাওয়া যায়নি। রেবেকার পারিবারিক সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জের মেয়ে রেবেকা সুলতানা ২০০৭ সালে ভালোবেসে বিয়ে করেন দিনাজপুরের আলাদীপুর গ্রামের মো. আরিফুর রহমানকে। আরিফুর তখন বুয়েটের ছাত্র। বিয়ের পর দরিদ্র আরিফুরের পড়াশোনার খরচসহ যাবতীয় ব্যয়ভার বহন করেন রেবেকার আইনজীবী বাবা মরহুম সোহরাব উদ্দিন আহম্মদ। ২০১১ সালে বুয়েটের শিক্ষক হন আরিফুর। এরপর ধীরে ধীরে বদলে যেতে থাকেন তিনি।