যৌথ অভিযান ‘সুন্দরবন ৩’ শেষ, অস্ত্র উদ্ধার
সুন্দরবনে জলদস্যু ও বনদস্যু দমন এবং অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে ৩ অক্টোবর শুরু হওয়া যৌথ অভিযান ‘সুন্দরবন-৩’ গত শুক্রবার শেষ হয়েছে।কোস্টগার্ড পশ্চিম জোনের নেতৃত্বে নৌবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, পুলিশ, র্যাব, আনসার, সুন্দরবন বিভাগসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সদস্যরা এ অভিযানে অংশ নেন।কোস্টগার্ড পশ্চিম জোনের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযান চলাকালে নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে একটি দেশে তৈরি বন্দুক, পাঁচটি চাপাতি, ২৫টি হরিণ ধরার ফাঁদ ও দুটি ইঞ্জিনচালিত নৌকা উদ্ধার করা হয়।কোস্টগার্ড বলেছে, গ্রেপ্তার আটজন বনদস্যু জুলফিকার বাহিনীর সদস্য। গ্রেপ্তার অন্য ব্যক্তিকেও বনদস্যু হিসেবে অভিহিত করা হয়েছে। কোস্টগার্ড জানায়, গত বুধবার রাতে সুন্দরবনের দুবলারচর-সংলগ্ন খাজুরাখাল এলাকা থেকে পাঁচটি চাপাতি, ২৫টি হরিণ ধরার ফাঁদ, দুটি নৌকাসহ আট ডাকাতকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া অভিযান শুরুর প্রথম দিনে সুন্দরবনের ঢাংমারী স্টেশন-সংলগ্ন বানিশান্তা এলাকা থেকে আল-আমিন নামের এক বনদস্যুকে একটি দেশি বন্দুকসহ গ্রেপ্তার করা হয়।কোস্টগার্ড পশ্চিম জোনের কমান্ডার সাঈদুর রহমান অভিযান শেষ হওয়ার সংবাদ নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার আটজনকে শুক্রবার বাগেরহাটের শরণখোলা থানায় হস্তান্তর করা হয়েছে। অস্ত্রসহ গ্রেপ্তার অন্য ব্যক্তিকে ৩ অক্টোবর খুলনার দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে।