যৌথ অভিযানের মধ্যেই সুন্দরবনে কার্গোতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনে দস্যু দমনে যৌথ অভিযান ‘অপারেশন সুন্দরবন-৩’ চলাকালে গতকাল বুধবার ভোররাতে এমভি সোহাগপুর নামের একটি পণ্যবাহী কার্গোতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতেরা নগদ টাকাসহ প্রায় এক লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বাগেরহাটের শরণখোলা রেঞ্জের আলিবান্ধা-মরাভোলা চ্যানেলের তালবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ছাড়া ডাকাতের হামলায় ওই কার্গোর মাস্টার ও একজন কর্মচারী আহত হয়েছেন। কার্গোর মাস্টার হেমায়েত হোসেন বলেন, দুটি ডিঙিনৌকায় করে ১৬ থেকে ১৮ জন সশস্ত্র দস্যু রাত তিনটার দিকে তাঁদের কার্গোতে ওঠে। দস্যুরা কার্গোর কর্মচারীদের মারধর করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ৪০ হাজার টাকা, নয়টি মুঠোফোনসহ প্রায় এক লাখ টাকার মালামাল নিয়ে যায়। তাদের হামলায় তিনি এবং সাদেক আলী নামের একজন কর্মচারী আহত হন। কার্গোটি ভারত থেকে আনা ক্লিংকার নিয়ে ঢাকায় যাচ্ছিল। সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক কাশ্যপী বিকাশ চন্দ্র বলেন, একদল বনকর্মীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।কোস্টগার্ড শরণখোলা কনটিনজেন্টের কমান্ডার চিফ পেটি অফিসার সিদ্দিকুর রহমান বলেন, সুন্দরবনের ভেতরে অবস্থিত কোস্টগার্ডের সুপতি কনটিনজেন্টকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বার্তা পাঠানো হয়েছে। তবে শরণখোলা থানার ওসি আজিজুল হক বলেন, এ ঘটনায় গতকাল বিকেল পর্যন্ত কেউ অভিযোগ করেনি।