শেখ হাসিনা-বাবুরাম ভট্টরাই বৈঠক
যৌথ উদ্যোগে জলবিদ্যুৎ প্রকল্প স্থাপনের প্রস্তাব প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপালের সঙ্গে যৌথ উদ্যোগে জলবিদ্যুৎ প্রকল্প স্থাপনে আবারও প্রস্তাব দিয়েছেন। জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ষোড়শ শীর্ষ সম্মেলনে যোগদান উপলক্ষে প্রধানমন্ত্রী ইরানের রাজধানী তেহরানে রয়েছেন। সেখানে গতকাল শুক্রবার নেপালের প্রধানমন্ত্রী বাবুরাম ভট্টরাইয়ের সঙ্গে এক বৈঠকে তিনি এই প্রস্তাব দেন। খবর বাসস ও ইউএনবির।প্রধানমন্ত্রীর প্রেস-সচিব আবুল কালাম আজাদ বৈঠক শেষে সাংবাদিকদের জানান, বৈঠকে দুই নেতা দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। বৈঠকে নেপালের প্রধানমন্ত্রী তাঁর দেশে এফডিআই অথবা যৌথ উদ্যোগে বিনিয়োগ করতে বাংলাদেশের প্রতি আহ্বান জানান। তিনি পারস্পরিক স্বার্থে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন।প্রধানমন্ত্রী এর আগে গত বছরের নভেম্বরে মালদ্বীপে সার্ক শীর্ষ সম্মেলনের সময় নেপালের প্রধানমন্ত্রী ভট্টরাইয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। সে সময় তিনি প্রথম নেপালকে যৌথ উদ্যোগে জলবিদ্যুৎ প্রকল্প স্থাপনের প্রস্তাব দেন।একটি অধিবেশনে সভাপতিত্ব: প্রধানমন্ত্রী গতকাল ন্যাম সম্মেলনের সাধারণ আলোচনার একটি অধিবেশনে সভাপতিত্ব করেন। বাংলাদেশ ষোড়শ ন্যাম সম্মেলনের অন্যতম সহসভাপতি নির্বাচিত হওয়ায় সমাপনী অধিবেশনের আগে শেখ হাসিনা গতকাল ওই অধিবেশনে সভাপতিত্ব করেন।খামেনির সঙ্গে বৈঠক: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে গতকাল সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। এ সময় খামেনি ঢাকা ও তেহরানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, ওআইসি মুসলিম দেশগুলোর মধ্যে আলোচনা করে উম্মাহর মধ্যকার সমস্যার সমাধানে উদ্যোগী হবে।আহমাদিনেজাদের সঙ্গে বৈঠক: ফার নিউজ এজেন্সি জানায়, ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ঢাকা-তেহরানের দ্বিপক্ষীয় সম্পর্ক দ্রুত শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। ন্যাম সম্মেলনের প্রথম দিন বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠককালে তিনি এ আহ্বান জানান।প্রধানমন্ত্রীর আজ শনিবার দেশে ফেরার কথা।