যৌথ উদ্যোগের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: কেভিন স্টিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং ও কার্গো হ্যান্ডলিংয়ের কাজ বিদেশি কোম্পানির সঙ্গে যৌথ উদ্যোগে করার বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা কেভিন জন স্টিল এ তথ্য জানিয়ে বলেন, এ নিয়ে ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়েছে।
গতকাল মঙ্গলবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রধান কার্যালয় বলাকা ভবনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন কেভিন স্টিল।
লোকসানি প্রতিষ্ঠান বিমানের আয়ের একটা বড় খাত হলো বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং। এটি যৌথ উদ্যোগের নামে বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া হচ্ছে—এই অভিযোগে আন্দোলনে নেমেছে বিমানের শ্রমিক-কর্মচারী ইউনিয়ন (সিবিএ)। এই প্রেক্ষাপটে বিমানের এমডি বলেন, বিমানের সঙ্গে বিদেশি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগের বিষয়ে সম্প্রতি ‘রিকোয়েস্ট ফর ইনফরমেশন’ (আরএফআই) ছাড়া হয়েছে। তিনি বলেন, ‘আরএফআই’-এ প্রাপ্ত ফলাফল মূল্যায়ন করে এ বিষয়ে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়, বিমানের পরিচালনা পর্ষদ ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিভিল এভিয়েশন) যতক্ষণ না অনুমোদন দেবে, সে পর্যন্ত বিমান এ বিষয়ে পদক্ষেপ নেবে না। কেভিন স্টিল বলেন, বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং ব্যবস্থার উন্নতি করার জন্য নতুন যন্ত্রপাতি, যানবাহন, কম্পিউটার সামগ্রী, প্রশিক্ষণ ও অবকাঠামোর প্রয়োজনে বিপুল অঙ্কের বিনিয়োগ দরকার। পাশাপাশি পেশাদার ব্যবস্থাপনাও প্রয়োজন। এ কারণেই বিদেশি যৌথ উদ্যোগের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত যৌথ উদ্যোগটি হবে শতভাগ বিমানের মালিকানাধীন।
ওয়েবসাইটে টিকিট ও আসন বুকিং: সংবাদ সম্মেলনে বিমানের নতুন ওয়েবসাইট দেখানো হয়, যা আজ বুধবার থেকে চালু হচ্ছে।
ওয়েবসাইটটির মাধ্যমে চলতি জুলাইয়ের শেষ থেকে যাত্রীরা আসন আগাম বুকিং করতে পারবেন। এ ছাড়া আগস্টের শেষ থেকে বিশেষ খাবার বুকিং, অক্টোবর নাগাদ ‘ফ্রিকোয়েন্ট ফ্লাইয়ার স্কিম’ ও ডিসেম্বরে ‘অললাইন চেক-ইন’ সুবিধা যুক্ত হবে। সংবাদ সম্মেলনে নতুন ওয়েবসাইট চালু উপলক্ষে অনলাইনে বিমানের টিকিট ক্রয়ের জন্য বিশেষ প্রমোশন ঘোষণা দেওয়া হয়। ঘোষণা অনুযায়ী, গতকাল রাত ১২টা ১ মিনিট থেকে অনলাইনে বুকিং দিয়ে বিমানের যেকোনো গন্তব্যে ৫০ শতাংশ ছাড়ে টিকিট কিনতে পারবেন যাত্রীরা। অনলাইনে টিকিট ক্রয় করা প্রথম দুই হাজার আসনের ক্ষেত্রে এ ছাড় কার্যকর হবে।