যৌথ গবেষণায় আগ্রহী নয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দমন-পীড়নের কারণে গত বছরের শেষ দিকে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের নিয়ে জাতিসংঘের সংস্থা ইউনিসেফের যৌথ গবেষণা প্রস্তাবে সম্মতি দিল না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। ইউনিসেফ গত ২০ এপ্রিল বিশ্ববিদ্যালয়কে আনুষ্ঠানিকভাবে গবেষণা প্রস্তাব পাঠায়। ‘অস্পষ্টতা’ রয়েছে উল্লেখ করে ১ আগস্ট প্রস্তাবটি নাকচ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গত ২০ এপ্রিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) বরাবর ইউনিসেফের পাঠানো চিঠিতে বলা হয়, ২০১৬ সালের অক্টোবর থেকে যেসব রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে, তাদের কারণে বাংলাদেশের কী ধরনের অসুবিধা হচ্ছে, নতুন আসা রোহিঙ্গারা কী ধরনের সমস্যার মুখে পড়ছে, এসব বিষয় নিয়ে ইউনিসেফ যৌথ গবেষণায় আগ্রহী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের কয়েকজন শিক্ষককে নিয়ে গবেষক দল গঠনেরও প্রস্তাব দেওয়া হয়। দলের প্রধান হিসেবে নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক নাসির উদ্দিনের (রাহমান নাসির উদ্দিন) নাম প্রস্তাব করা হয়। অন্য সদস্যরা হলেন সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক ইন্দ্রজিৎ কুণ্ডু, অধ্যাপক এস এম মনিরুল হাসান ও নাজমুল ইসলাম খান, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আতিকুর রহমান এবং সহকারী অধ্যাপক খ. আলী আর রাজী। গবেষণার যাবতীয় খরচ দেবে ইউনিসেফ।

প্রস্তাব পাওয়ার ৩ মাস ১০ দিন পর ১ আগস্ট ইউনিসেফের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়কে এক চিঠিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হুদা জানান, প্রস্তাবে অস্পষ্টতা রয়েছে। এই গবেষণায় বিশ্ববিদ্যালয় আগ্রহী নয়।

বিশ্ববিদ্যালয়ের ১০ জন জ্যেষ্ঠ শিক্ষকের সঙ্গে এ বিষয়ে আলাপ করেছেন এই প্রতিবেদক। তাঁরা নাম না প্রকাশ করার শর্তে প্রথম আলোকে বলেন, ইউনিসেফের মতো প্রতিষ্ঠানের যৌথ গবেষণার প্রস্তাব প্রত্যাখ্যান করা কোনোভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য সম্মানজনক নয়। এতে করে ভবিষ্যতে অন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ গবেষণায় নিরুৎসাহিত হবে।

গবেষণা দলের প্রধান নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রাহমান নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, ইউনিসেফের প্রস্তাবে যদি অস্পষ্টতা থাকে তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের তা জানাতে পারত। কিন্তু বিশ্ববিদ্যালয় কার্যকর উদ্যোগ না নিয়েই অস্পষ্টতার দোহাই দিয়ে প্রস্তাবটি না করে দিয়েছে। এ ধরনের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের গবেষণার পরিবেশকে নিরুৎসাহিত করবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের দুজন জ্যেষ্ঠ শিক্ষক নাম না প্রকাশের শর্তে বলেন, গবেষণা দলে যাঁদের নির্বাচিত করা হয়েছে তাঁদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের সুসম্পর্ক নেই। এ কারণে প্রস্তাবটি প্রত্যাখ্যান করা হয়েছে। সমাজবিজ্ঞান অনুষদের বর্তমান ডিন এই প্রস্তাব প্রত্যাখ্যানের পেছনে ভূমিকা রেখেছেন।

তবে অভিযোগ অস্বীকার করে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন ফরিদ উদ্দিন আহমেদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমার কাছে প্রশাসন মতামত চেয়েছে, আমি মতামত দিয়েছি। আমি তো সিদ্ধান্ত দেওয়ার কেউ না। বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত নেবে। আমার মতামত পছন্দ হয়েছে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন গ্রহণ করেছে। এখানে সম্পর্ক খারাপের কোনো বিষয় নেই।’

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হুদা প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেকোনো স্বনামধন্য প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে আগ্রহী। কিন্তু ইউনিসেফ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কথা না বলেই প্রথমে গবেষক দল নির্বাচন করে। পরে তারা যৌথভাবে কাজ করার প্রস্তাব দেয়। সমাজবিজ্ঞান অনুষদের ডিনের মতামত নিয়ে ইউনিসেফের প্রস্তাব অনুযায়ী গবেষণাটি করা সম্ভব নয় বলে জানানো হয়েছে।