চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার নিয়ে বাংলাদেশ আগামী মাসের শুরুতেই ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে পৃথকভাবে আলোচনা করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে দুই দেশের প্রধানমন্ত্রীর যৌথ ঘোষণার আলোকে সমঝোতা স্মারক হবে।গতকাল রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক উচ্চপর্যায়ের বৈঠকে এ কথা বলা হয় বলে জানা গেছে। বৈঠকে যৌথ ঘোষণা বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। আগামী মাসের আলোচনায় বাংলাদেশ ও ভারতের পরস্পরের ভূমি ব্যবহারের বিষয়টিও স্থান পাবে বলে জানা গেছে।প্রধানমন্ত্রীর কার্যালয়ের গতকালের বৈঠকে সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। বৈঠকে প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান সভাপতিত্ব করেন।সূত্র জানায়, আগামী মাসের শুরুর দিকে উপদেষ্টা মসিউর রহমান নেপাল ও ভুটানের সঙ্গে আলোচনার জন্য যাবেন। এরপর তিনি এ বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা করবেন। বৈঠক সূত্র জানায়, যৌথ ঘোষণা অনুযায়ী, ভারত থেকে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির লক্ষ্যে বাংলাদেশের অভ্যন্তরে দ্রুত গ্রিড স্থাপন ও সঞ্চালন লাইন নির্মাণের সিদ্ধান্ত হয়। বৈঠকে জানানো হয়, ভারতের অংশেও দ্রুত সঞ্চালন লাইন নির্মাণ করা হবে বলে সে দেশের সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। সূত্র জানায়, ইশতেহার অনুযায়ী ভারতের এক বিলিয়ন ডলারের ঋণ-সহায়তার অব্যবহূত অর্থ দিয়ে নতুন প্রকল্প নেওয়ার সিদ্ধান্ত হয়। বৈঠকে স্বরাষ্ট্র, যোগাযোগ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।