যৌথ ঘোষণা বাস্তবায়নের অগ্রগতিতে ঢাকা-দিল্লির সন্তোষ
বাংলাদেশ ও ভারত গত বছরের জুনে দুই দেশের প্রধানমন্ত্রীদের যৌথ ঘোষণার বাস্তবায়ন অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে।
বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক আজ মঙ্গলবার বাংলাদেশ হাইকমিশনে সাংবাদিকদের বলেন, এই বৈঠক অত্যন্ত সফল। চমৎকার বন্ধুত্বপূর্ণ পরিবেশে সহযোগিতার মনোভাব নিয়ে সব বিষয়ে খুব ভালো আলোচনা হয়েছে। তিনি বলেন, ‘দুই দেশই সব বিষয়ে একমত হয়েছি।’
নিরাপত্তা, যোগাযোগ, বাণিজ্য, শিল্প, বিদ্যুৎ, পানিসম্পদের ব্যবস্থাপনা, সীমান্ত ব্যবস্থাপনা, অপরাধ ও অপরাধী দমন, ভিসা সমস্যা, মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ বৃদ্ধি প্রভৃতি সব ক্ষেত্রের অগ্রগতি দুই দেশের পররাষ্ট্রসচিব শহীদুল হক ও এস জয়শঙ্কর খতিয়ে দেখেন। দুই দেশের সমুদ্র সীমা নির্ধারিত হওয়ার পর এই ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে যে টাস্ক ফোর্স গঠিত হয়েছে, তার প্রথম বৈঠক ঢাকায় হতে যাচ্ছে মার্চ মাসে। শহীদুল হক এ কথা জানিয়ে বলেন, ‘সমুদ্র সহযোগিতার সম্ভাবনা অপার। দুই দেশই এ থেকে উপকৃত হবে।’
বাংলাদেশের পররাষ্ট্রসচিব ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও পানিসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের বিশেষ সচিব অমরজিৎ সিংয়ের সঙ্গে আজ বৈঠক করেন। দোভালের সঙ্গে নিরাপত্তা-সম্পর্কিত সব বিষয় নিয়ে তাঁর কথা হয়েছে বলে শহীদুল জানান। সেই আলোচনায় বাংলাদেশে ব্লগার হত্যা, জঙ্গি মোকাবিলার পাশাপাশি আইএস প্রসঙ্গও ছিল। শহীদুল হক অবশ্য বলেন, আইএস নিয়ে দোভাল তাঁর কাছে কোনো উদ্বেগ প্রকাশ করেননি। তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গি দমনের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’-এর কথা বারবার বলেছেন। সেই মনোভাবের বদল সরকারের ঘটেনি।
পানিসম্পদ ব্যবস্থাপনা নিয়ে দুই দেশের মধ্যে কথা হলেও তিস্তা চুক্তি বিষয়ে পররাষ্ট্রসচিব স্পষ্ট করে কিছু বলেননি। তাঁর কথায়, ‘আমরা সব বিষয়েই কথা বলেছি।’ বাংলাদেশ প্রতিনিধিদলের একটি সূত্র অবশ্য প্রথম আলোকে জানায়, ‘তিস্তা নিয়ে কিছু বলার সময় এখনো আসেনি। এ নিয়ে তাড়াহুড়োও নেই। ভারতের আশ্বাসে আমরা সন্তুষ্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরেও আমাদের ভরসা আছে। আমরা জানি ঠিক সময়েই এই বোঝাপড়া হয়ে যাবে।’
চার দেশীয় যান চলাচল চুক্তি (বিবিআইএন) নিয়েও দুই পররাষ্ট্রসচিব বিস্তারিত আলোচনা করেছেন। বাংলাদেশের পররাষ্ট্রসচিব বলেন, এই ক্ষেত্রে অগ্রগতি যথেষ্ট সন্তোষজনক। নেপাল এই উদ্যোগ অনুমোদন করেছে। ভুটানেও আলোচনা চলছে। বিবিআইএন এই অঞ্চলের সমাজ ও অর্থনীতির আমূল বদল ঘটাবে।