যৌথ জরিপ বন্ধের দাবিতে পাদুয়া সীমান্তে বিক্ষোভ অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যৌথ জরিপের নামে কোনো জায়গা ভারতের হাতে তুলে দেওয়া যাবে না’—দাবিতে সিলেটের পাদুয়া সীমান্তে বিক্ষোভ অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবার গোয়াইনঘাট উপজেলার ওই সীমান্তের বিভিন্ন এলাকায় এলাকাবাসী মিছিল-সমাবেশ করে। গতকাল সীমান্তে জরিপকাজ চলেনি। স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পাদুয়া সীমান্তের সোনারহাট, মনাইকান্দি, কুলুমছড়া এলাকায় ১২৬৪ ফোর-এস নম্বর খুঁটি থেকে ১২৬৬ ওয়ান-এস খুঁটির মধ্যে ৫০ একর জমির মালিকানা নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত বছরের ডিসেম্বর থেকে দুই দেশের যৌথ সীমান্ত চিহ্নিতকরণ দল জরিপ শুরু করে। জরিপ দলের সদস্যরা সীমান্ত খুঁটি পরিদর্শন, অপদখলীয় ভূমি চিহ্নিতকরণসহ বিভিন্ন পদক্ষেপ নেন। কিন্তু বিভিন্ন সময় ভারতের সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ) ও ভারতীয় নাগরিকদের বাধার কারণে তা সম্ভব হয়নি। ২ ও ৩ জুন দুই দেশের হাইকমিশনার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পর্যায়ে বৈঠক হয়। ৪ জুন আবার জরিপকাজ শুরু হয়। এই জরিপ দলের নেতৃত্বে দেন বাংলাদেশের পক্ষে জরিপ অধিদপ্তরের সহকারী পরিচালক দবির উদ্দিন ও ভারতের পক্ষে শিলং জরিপ অধিদপ্তরের সহকারী পরিচালক সানক্লিন। জরিপ প্রতিনিধিদলে উভয় দেশের ১৫-২০ জন সদস্য আছেন।৪ জুন জরিপকাজের শুরুতে সীমান্তবর্তী বাংলাদেশের কুলুমছড়া গ্রামের পাঁচ শতাধিক মানুষ বাধা দেয়। এর পর থেকে প্রায় প্রতিদিনই ওই গ্রামের বাসিন্দারা জরিপকাজের বিরোধিতা করে বিক্ষোভ দেখিয়ে আসছে। এলাকাবাসীর অভিযোগ, জরিপকাজ শেষে বাংলাদেশের ৫০ একর জমি ভারতের কাছে তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে। এটা কোনোভাবেই হতে দেওয়া হবে না। প্রয়োজনে দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করে এলাকাবাসী। কুলুমছড়া গ্রামের আবদুল কাদির বলেন, ‘কয়েক বছর ধরে বিএসএফের বাধার কারণে সীমান্তবর্তী বেশ কিছু জমিতে কৃষিকাজ করতে পারছি না। অথচ এ জমি আমাদের রেকর্ডভুক্ত সম্পত্তি। আমরা শুনেছি, জরিপ শেষে এসব জায়গা ভারতের কাছে তুলে দেওয়া হবে। তাই জমি রক্ষায় আন্দোলনে নেমেছি।’ এ প্রসঙ্গে গতকাল দুপুরে জরিপ দলের বাংলাদেশ অংশের সমন্বয়ক দবির উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফতেখার আহমদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘ভারতকে জায়গা তুলে দেওয়া হচ্ছে—এটা নিছক অপপ্রচার। সীমান্ত এলাকায় নিয়ম মাফিক জরিপকাজ চলছে। অথচ পত্রপত্রিকায় অতিরঞ্জিতভাবে বিষয়টি প্রকাশ করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।’ সীমান্তের বিরোধপূর্ণ জায়গা বাংলাদেশের অংশে রাখার ব্যাপারেও জরিপকারীরা চেষ্টা করছেন বলে তিনি জানান।