মানি লন্ডারিং আইনের সংশোধনীর খসড়া অনুমোদন মন্ত্রিসভায়
যৌথ তদন্ত ও দ্বিগুণ অর্থদণ্ডের ব্যবস্থা
অর্থদণ্ডের পরিমাণ দ্বিগুণ ও একাধিক সংস্থার সমন্বয়ে যৌথ তদন্তের বিধান রেখে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের সংশোধনীর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। পাশাপাশি এ আইনের আওতায় বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকেও শক্তিশালী করার ব্যবস্থা রাখা হচ্ছে।
গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।
২০১২ সালের মানি লন্ডারিং আইনে চার থেকে ১২ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। সংশোধিত আইনেও একই শাস্তি থাকছে। তবে অর্থদণ্ডের পরিমাণ ১০ লাখের স্থলে ২০ লাখ টাকা করা হচ্ছে । মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা -মন্ত্রিপরিষদ সচিব
মন্ত্রিপরিষদ সচিব জানান, ২০১২ সালের মানি লন্ডারিং আইনে চার থেকে ১২ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। সংশোধিত আইনেও একই শাস্তি থাকছে। তবে অর্থদণ্ডের পরিমাণ ১০ লাখের স্থলে ২০ লাখ টাকা করা হচ্ছে। এ ছাড়া বিদ্যমান আইনে মানি লন্ডারিংয়ের ঘটনা তদন্তের সার্বিক দায়িত্ব ছিল দুদকের ওপর। কোনো কোনো ক্ষেত্রে দুদক অন্য কোনো সংস্থাকে দায়িত্ব দিলে তারা তদন্তে সম্পৃক্ত হতে পারত। সংশোধিত আইনের খসড়ায় বলা হয়েছে, কেবল ঘুষ ও দুর্নীতি-সংক্রান্ত মুদ্রা পাচারের ঘটনা ঘটলে তা দুদক তদন্ত করবে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, অন্যান্য অপরাধের ক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থা তদন্তের দায়িত্ব নেবে। এ ক্ষেত্রে সচিব বলেন, যেগুলো কাস্টমসের সঙ্গে সম্পৃক্ত, সেগুলো জাতীয় রাজস্ব বোর্ড করবে, মাদকদ্রব্য-সংক্রান্ত হলে তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর করবে। বিদ্যমান আইনে যৌথ তদন্তের বিধান না থাকলেও সংশোধনের খসড়ায় তা রাখা হয়েছে। আবার আইনে তদন্তকারী দলের বিধান নেই। এখন তা করা হয়েছে। অবৈধ অর্থে অন্য কোনো অপরাধ বা খুনের মতো কোনো অপরাধ ঘটলে যৌথ তদন্ত দলের প্রয়োজন হতে পারে।
মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে এ আইনের মাধ্যমে আরও শক্তিশালী করা হচ্ছে। এখন তা বাংলাদেশ ব্যাংকের একটা অঙ্গ। ভারতে এ ইউনিট একটি স্বতন্ত্র সংস্থা। এর প্রধান ভারতের অর্থমন্ত্রী। প্রস্তাবিত আইনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের আওতার মধ্যে একটা পরিচালনাগত স্বায়ত্তশাসন থাকবে। এ ইউনিটের প্রধান নিয়োগ দেবে সরকার। ইউনিট প্রধান হবেন চার বছরের। সরকার ইচ্ছা করলে আরও এক মেয়াদ বাড়াতে পারবে।
শেখ হাসিনা আইসিটি পুরস্কার পাচ্ছেন: টেকসই উন্নয়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্যের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থার (আইটিইউ) পদকের জন্য মনোনীত হয়েছেন।
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম মন্ত্রিসভার বৈঠকে এ কথা জানান। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান। আগামী ২৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর কাছে এ পদক হস্তান্তর করা হবে। তবে এ ব্যাপারে প্রধানমন্ত্রীর কর্মসূচি এখনো চূড়ান্ত হয়নি বলে জানান তিনি।
এ ছাড়া গতকালের বৈঠকে মানি লন্ডারিং আইনের অধীন অপরাধের মধ্যে কেবল ঘুষ ও দুর্নীতিসংক্রান্ত অপরাধ তদন্তের বিধান রেখে দুর্নীতি দমন কমিশন (সংশোধন) আইন চূড়ান্ত অনুমোদন পেয়েছে।
অপরাধীদের আইনের আওতায় আনতে নির্দেশ: অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল মন্ত্রিসভার বৈঠক শেষে এক অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন বলে জানা গেছে। বৈঠকে উপস্থিত মন্ত্রিসভার একাধিক সদস্যের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
বৈঠক সূত্র জানায়, সম্প্রতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ থেকে আসা মালামাল কাস্টমস কর্মকর্তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এ ঘটনার সঙ্গে যুবলীগের কর্মীদের সম্পৃক্ততার কথা শোনা গিয়েছিল। কিন্তু খোঁজ নিয়ে জানা যায়, মূলত এঁরা যুবলীগের কেউ নন। এ ছাড়া গত রোববার কুমিল্লায় দুই সন্ত্রাসী গ্রুপের গোলাগুলির ঘটনায় চার বছরের শিশু আহত হওয়ার ঘটনায় প্রধানমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন।
এ প্রসঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলে দিয়েছি, অপরাধী যে বা যারাই হোক, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। কেউ ছাড় পাবে না।’