যৌথ নদী কমিশনের বৈঠক স্থগিত
ভারতের কারণে শেষ মুহূর্তে স্থগিত হয়ে গেছে যৌথ নদী কমিশনের (জেআরসি) ৩৮তম বৈঠক। ১৮ জুন থেকে ঢাকায়
জেআরসির মন্ত্রী পর্যায়ের দুই দিনের বৈঠক শুরুর কথা ছিল।
জেআরসির সদস্য সৈয়দ সাজ্জাদ হোসেন গতকাল রোববার প্রথম আলোকে বৈঠক স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত
করেছেন। তিনি বলেন, ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে, তাদের পক্ষে বৈঠকে যোগ দেওয়া সম্ভব নয়।
ভারতের পানিসম্পদমন্ত্রীর অভ্যন্তরীণ সফরসূচি-সংক্রান্ত ব্যস্ততার কারণে তাঁর পক্ষে এ মুহূর্তে বাংলাদেশ সফর সম্ভব নয়।
ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তা প্রথম আলোকে জানিয়েছেন, ভারতের পানিসম্পদমন্ত্রী হরিশ রাওয়াত বৈঠকে
অংশ নেওয়ার বিষয়ে অপারগতা জানিয়ে রোববার বাংলাদেশের পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনকে চিঠি দিয়েছেন। তিনি
জানান, জেআরসির বৈঠকের পরবর্তী দিনক্ষণ দুই পক্ষ আলোচনা করে ঠিক করবে।
জেআরসির এ বৈঠকে অন্য বিষয়গুলোর পাশাপাশি তিস্তার অন্তর্বর্তীকালীন চুক্তি ও টিপাইমুখ বাঁধ নির্মাণ নিয়ে আলোচনার
কথা ছিল।