যৌথ নদীগুলোর অববাহিকা ভিত্তিক ব্যবস্থাপনা দরকার
দক্ষিণ এশিয়ার অভিন্ন নদীগুলোর পানি জনগণের কল্যাণে কাজে লাগাতে হলে অববাহিকাভিত্তিক ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। পরস্পরের প্রতি দোষারোপের সংস্কৃতি বাদ দিয়ে সহযোগিতার মনোভাব গড়ে তুলতে হবে।গতকাল রোববার সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত দুই দিনব্যাপী চতুর্থ দক্ষিণ এশিয়া অর্থনৈতিক সম্মেলনের পানিসম্পদবিষয়ক অধিবেশনে বক্তারা এসব কথা বলেছেন। বক্তারা যৌথ নদীগুলোতে কোনো দেশ অবকাঠামো নির্মাণ করলে তা অন্য দেশগুলোর মতামত ও স্বার্থকে গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন।অধিবেশনের সহসভাপতি ভারতভিত্তিক সংস্থা কমনওয়েলথ হিউম্যান রাইটস ইনিশিয়েটিভের চেয়ারপারসন বি জি ভার্গিস দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কথা বলেন। টিপাইমুখ বাঁধ নির্মিত হলে তা বাংলাদেশের উন্নতি হতো মন্তব্য করে তিনি বলেন, তবে বাংলাদেশের মানুষের আপত্তি ও অন্যান্য কারণে ভারত ওই বাঁধ নির্মাণ বন্ধ রেখেছে।অধিবেশনে অপর সভাপতি বাংলাদেশ পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, ভারত ও বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ও নীতিনির্ধারক পর্যায়ে অববাহিকাভিত্তিক যৌথ ব্যবস্থাপনার ব্যাপারে একমত হয়েছে। জলবায়ু পরিবর্তন ও পানি সমস্যাকে একত্রে গেঁথে সমাধানে একযোগে কাজ করতে হবে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আইনুন নিশাত বলেন, ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে বয়ে যাওয়া ৫০টি অভিন্ন নদীর ক্ষেত্রেও অববাহিকাভিত্তিক ব্যবস্থাপনা হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক আসিফ নজরুল বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা চুক্তি হলেও তা শুধু নদীর ১০ শতাংশ এলাকার ক্ষেত্রে প্রযোজ্য।