যৌথ বাহিনী নিয়ে খালেদার মন্তব্য অপমানজনক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সাতক্ষীরায় যৌথ বাহিনীর অভিযান নিয়ে যে মন্তব্য করেছেন তা দেশ, আইনশৃঙ্খলা ও সশস্ত্র বাহিনীর জন্য অপমানজনক।
গতকাল মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী ইনু এ কথা বলেন। তিনি বলেন, খালেদা জিয়া জনসভায় ইনকিলাবের মিথ্যা সংবাদের প্রতিধ্বনি করেছেন। তিনি দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন।
আগের দিন খালেদা জিয়া রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে যে বক্তব্য দিয়েছেন, সংবাদ সম্মেলনে এর জবাব দেওয়া হয়। ওই সমাবেশে সাতক্ষীরায় অভিযান নিয়ে সন্দেহ প্রকাশ করে খালেদা জিয়া বলেছিলেন, সাতক্ষীরায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে আদৌ যৌথ বাহিনী এবং বাংলাদেশের কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছিলেন কি না, তা নিয়েও সংশয় আছে। গাইবান্ধায় যৌথ বাহিনীর অভিযান নিয়েও খালেদা জিয়া একই রকম সংশয় প্রকাশ করেন।
তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া ধ্বংসাত্মক রাজনীতির নতুন জাল বোনা শুরু করেছেন। তিনি শান্তি চান না, অশান্তি চান। এসবের জন্য তাঁকে ক্ষমা চাইতে বলেন মন্ত্রী।
সংলাপের বিষয়ে বিএনপি চেয়ারপারসনের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, জঙ্গিবাদী তৎপরতা বন্ধ না করা পর্যন্ত তিনি কার্যকর সংলাপের জন্য উপযুক্ত হবেন না। সরকার সংলাপের জন্য প্রস্তুত। তবে সংলাপের আগে খালেদা জিয়াকে যুদ্ধাপরাধীদের ত্যাগ করতে হবে। সংখ্যালঘুদের ওপর হামলা ও জঙ্গিবাদী তৎপরতা বন্ধ করতে হবে।