সাতক্ষীরা, ফেনী, লালমনিরহাট ও মেহেরপুরে গত মঙ্গলবার রাতে এবং গতকাল বুধবার অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। হরতাল-অবরোধে হামলা ও নাশকতা এবং খুনের ঘটনায় দায়ের করা মামলায়
এই চার জেলাসহ বিভিন্ন স্থান থেকে বিএনপি ও জামায়াত-শিবিরের ৬১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকার বাইরে থেকে নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সাতক্ষীরা: যৌথ বাহিনী মঙ্গলবার রাতে জেলার তালা, কালীগঞ্জ ও আশাশুনি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, কালীগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোসলেমউদ্দিন আলী খুনের ঘটনায় ২৪ জনের নাম উল্লেখসহ ৪৯ জনের বিরুদ্ধে মঙ্গলবার রাতে মামলা করেন নিহতের স্ত্রী
আফরোজা খাতুন। পুলিশ তিন আসামিকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার বিকেলে মোসলেমউদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়।
ফেনী: মঙ্গলবার রাতে ফেনী শহরের পাঠানবাড়ী এবং উপজেলার ফাজিলপুর এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় জামায়াত-শিবিরের ৩৪ নেতা-কর্মীকে আটক করা হয়। এদের মধ্যে ২৮ জনকে
গতকাল বুধবার বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে বাকি ছয়জনকে ছেড়ে দেওয়া হয়।
লালমনিরহাট: পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি ও জোংড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে জামায়াতের চার নারী কর্মীসহ বিএনপি-জামায়াত-শিবিরের নয়জনকে গ্রেপ্তার করা হয়।
মেহেরপুর: গাংনী উপজেলা শহরের চৌগাছা এলাকায় বিএনপিদলীয় স্থানীয় সাংসদ আমজাদ হোসেনের বাড়িতে গতকাল দুপুরে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় তিনি বাড়িতে ছিলেন না।
জেলা বিএনপির সভাপতি ও সাংসদ আমজাদ অভিযোগ করেন, মিথ্যা অভিযোগে পুলিশ তাঁর বিরুদ্ধে একাধিক মামলা করেছে। তাঁকে গ্রেপ্তার করতেই যৌথ বাহিনী তাঁর বাড়িতে অভিযানে গিয়েছিল।
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর শহরে গত বৃহস্পতিবার ১৮-দলীয় জোটের নেতা-কর্মীদের সঙ্গে র্যাবের সংঘর্ষে পাঁচজনের মৃত্যুর ঘটনায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবউদ্দিন ও জামায়াতের সেক্রেটারি মফিজুল
ইসলামসহ বিএনপি-জামায়াতের ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও তিন হাজার নেতা-কর্মীকে আসামি করে মামলা করেছে র্যাব। র্যাবের ডিএডি জাহাঙ্গীর কবির মঙ্গলবার রাতে লক্ষ্মীপুর
সদর থানায় এ মামলা করেন। মামলার আসামিদের মধ্যে আছেন জেলা ছাত্রদলের সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, শহর শিবিরের সভাপতি আবদুল আউয়াল ও সেক্রেটারি হারুনুর
রশিদ।
এদিকে মঙ্গলবার রাতে সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ও ককটেল নিক্ষেপের অভিযোগে আটজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করেছে
পুলিশ।
নীলফামারী: সাংসদ আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলা ও আওয়ামী লীগের চার নেতা-কর্মীকে হত্যার ঘটনায় পুলিশ আরও জামায়াত-শিবিরের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার রাতে ও গতকাল
বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ১১ জন। গত শনিবার নীলফামারী সদরের রামগঞ্জ বাজারে নূরের গাড়িবহরে হামলা চালায় জামায়াত-শিবির।
হাজীগঞ্জ (চাঁদপুর): উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. নেছার আহমেঞ্চদকে গতকাল দুপুরে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে মহাসড়কে পিকেটিং, রেললাইন উপড়ানো, গাছ কেটে সড়কে
ব্যারিকেড দেওয়াসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে দাবি করেছে পুলিশ। হাজীগঞ্জ থানার এএসআই মো. আবুল কালাম জানান, নেছার আহমেঞ্চদকে একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
পিরোজপুর: মঠবাড়িয়া উপজেলা জামায়াতের আমির আবদুল জলিল শরিফসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল বিকেলে উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের বাসা থেকে তাঁকে আটক করা হয়।
মঠবাড়িয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ জানান, আটক ব্যক্তিরা নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন।
কসবা (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সকালে উপজেলার বায়েক এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
কসবা থানার ওসি মো. মিজানুর রহমান জানান, হুমায়ুন কবিরের বিরুদ্ধে রেললাইন উৎপাটন, গাড়িতে আগুন দেওয়াসহ বিভিন্ন অভিযোগে ৮-১০টি মামলা আছে।
মির্জাপুর (টাঙ্গাইল): উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ৩৬ নেতা-কর্মীকে গতকাল জেলহাজতে পাঠানো হয়েছে। গত ৫ ডিসেম্বর অবরোধের সময় পুলিশের ওপর হামলার ঘটনায় একটি মামলায় হাজিরা
দিতে গেলে আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।