যৌথ বাহিনীর অভিযান নিয়ে খালেদার বক্তব্য ভিত্তিহীন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সাতক্ষীরায় যৌথ বাহিনীর অভিযান নিয়ে সাবেক বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া যা বলেছেন, তা ভিত্তিহীন। সুতরাং এ কথা নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে ভুল-বোঝাবুঝির সৃষ্টি হবে না। কারণ, উভয় দেশই প্রকৃত বিষয়টি জানে।
সচিবালয়ে গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন। তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ সরন মন্ত্রীর সঙ্গে তাঁর সচিবালয়ের কার্যালয়ে সাক্ষাৎ করেন।
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক নির্যাতনের পর বর্তমান সরকারের পদক্ষেপে ভারতীয় হাইকমিশনার শুধু সন্তোষ প্রকাশই নয়, পৃথিবীর কোনো দেশে এমন ঘটনায় এত দ্রুত পদক্ষেপ নেওয়া হয়নি বলেও উল্লেখ করেছেন। আইনমন্ত্রী জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যানের শূন্যপদে শিগগিরই নিয়োগ দেওয়া হবে।
পঙ্কজ সরন গতকাল সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের সঙ্গেও তাঁর সচিবালয়ের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।