যৌথ বাহিনীর অভিযানে আটক ১০১
বগুড়া ও নাটোরের লালপুরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ১০১ জনকে আটক করেছে।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
বগুড়া: ৪৮ ঘণ্টার অভিযানে যৌথ বাহিনী ৯৫ জনকে আটক করেছে। জেলার পুলিশ সুপার মো. মোজাম্মেল হক জানান, সাম্প্রতিক হরতাল-অবরোধে পুলিশের ওপর হামলা, সড়ক-মহাসড়কে তাণ্ডব, যানবাহন ভাঙচুর, গাড়িতে আগুন, রাজনৈতিক সহিংসতা ও নাশকতার বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। নির্বাচনকে সামনে রেখে কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মীকে অযাচিতভাবে গ্রেপ্তার করা হচ্ছে না বলে তিনি দাবি করেন।
নাটোর: জেলার লালপুরে র্যাব, বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে গতকাল শুক্রবার রাতে জামায়াত-শিবিরের ছয় কর্মীকে আটক করা হয়েছে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, গতকাল রাতে উপজেলার ধলা-দাঁইড়পাড়া গ্রামে এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।