যৌথ বাহিনীর অভিযানে আরও ৯০০ আটক

১৮-দলীয় জোটের ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে গত শনিবার রাত থেকে গতকাল রোববার পর্যন্ত সারা দেশে বিএনপি ও জামায়াত-শিবিরের প্রায় ৯০০ নেতা-কর্মীকে আটক করা হয়েছে। নাশকতায় জড়িত থাকার অভিযোগে রাজধানীসহ দেশের ১৬ জেলা থেকে যৌথ বাহিনী ও পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এঁদের আটক করে। গতকাল রাত ১০টা পর্যন্ত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
আমাদের আদালত প্রতিবেদক জানান, রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যৌথ বাহিনী শনিবার রাত থেকে গতকাল সকাল পর্যন্ত ৪০৯ জনকে গ্রেপ্তার করে। এঁদের মধ্যে ২২০ জনকে ঢাকা মহানগর পুলিশ আইনে এবং ১৮৯ জনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখানো হয়। বাকি ১৬ জনকে জামায়াত-শিবিরের নেতা-কর্মী সন্দেহে এক দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে।
চট্টগ্রামে যৌথ বাহিনী শনিবার রাতে বিএনপি ও জামায়াত-শিবিরের ৫৭ জনকে আটক করে। এঁদের মধ্যে সাতকানিয়ায় ২৬, লোহাগাড়ায় ১৫ এবং সীতাকুণ্ডে ১৬ জন রয়েছে। কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া ইউনিয়নের মরিচ্যা গ্রামের গুরামিয়ার গ্যারেজ এলাকা থেকে জামায়াত-শিবিরের পাঁচ কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
খুলনা মহানগর ও জেলা পুলিশ শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে বিএনপির সাতজনসহ ১৩১ জনকে গ্রেপ্তার করে। এঁদের মধ্যে ১০২ জনকে জেলা পুলিশ ও বাকি ২৯ জনকে মহানগর পুলিশ আটক করে।
সাতক্ষীরার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শনিবার রাত থেকে গতকাল বিকেল চারটা পর্যন্ত সাংবাদিকসহ ১১ জামায়াত-শিবিরের কর্মীকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। যশোরে ৩০ জনকে আটক করা হয়। এঁদের মধ্যে বিএনপির তিন ও জামায়াতের ছয় নেতা-কর্মী রয়েছেন। এ নিয়ে গত পাঁচ দিনে এ জেলায় মোট ২৫০ জনকে আটক করা হলো।
কিশোরগঞ্জ জেলা শহরসহ বিভিন্ন উপজেলা থেকে বিএনপির ২০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে কিশোরগঞ্জ সদর, বাজিতপুর, হোসেনপুর, পাকুন্দিয়া, কটিয়াদী ও করিমগঞ্জ থেকে তিনজন করে এবং কুলিয়ারচরে একজন ও ভৈরব থেকে চারজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়।
নরসিংদীতে বিএনপির ৩৯ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। সকাল ১০টার দিকে পুরিন্দা বাসস্ট্যান্ডে যানবাহন না পেয়ে জোটবদ্ধ হয়ে হেঁটে ঢাকা যাওয়ার পথে তাঁদের গ্রেপ্তার করা হয়।
নীলফামারীতে দুবাছরি দাখিল মাদ্রাসার সুপারসহ জামায়াত-শিবিরের তিন কর্মীকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। নীলফামারী সদর থানার ওসি শাহজাহান পাশা জানান, সাংসদ আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলার মামলা ও নাশকতার অভিযোগে এঁদের গ্রেপ্তার করা হয়।
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানসহ জামায়াত-শিবিরের ১৪ জন এবং কুলাউড়ায় এক বিএনপি নেতাকে গতকাল ভোরে গ্রেপ্তার করা হয়।
কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে বিএনপি, জামায়াত ও ছাত্রশিবিরের ৪৩ নেতা-কর্মীকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে বিএনপির ২৫ জন এবং জামায়াত-শিবিরের ১৮ জন। এ ছাড়া লাকসাম ও মনোহরগঞ্জ থেকে ১২ জনকে আটক করা হয়। এর মধ্যে লাকসামের সাত ও মনোহরগঞ্জের পাঁচজন। চাঁদপুরের বিভিন্ন স্থান থেকে পুলিশের হাতে আটক ১৬ নেতা-কর্মীর মধ্যে ১২ জন বিএনপির এবং চারজন জামায়াত-শিবিরের কর্মী।
নোয়াখালীতে বিএনপি ও জামায়াতের ২৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল সকালে জেলা শহরে ১৮-দলীয় নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে আরও ১২ জনকে আটক করে পুলিশ।
সিরাজগঞ্জের বেলকুচি থেকে বিএনপি ও জামায়াত-শিবিরের ২০ নেতা-কর্মীকে আটক করা হয়। গতকাল রাত তিনটা থেকে সকাল আটটা পর্যন্ত উপজেলার কল্যাণপুর, কান্দাপাড়া ও সর্বতুলসী এলাকায় অভিযান চালিয়ে এঁদের আটক করে যৌথ বাহিনী।
ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন উপজেলা থেকে বিএনপির ১৪ ও জামায়াতের একজনকে গ্রেপ্তার করে পুলিশ। বাগেরহাটে গাড়িতে অগ্নিসংযোগের মামলার আসামি জামায়াতের নেতা মতিউর রহমানকে (৫০) রামপাল উপজেলার উজলকুড় ইউনিয়নের সোনাতুনিয়া গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ। বরগুনার আমতলী উপজেলার আমড়াগাছিয়া এলাকা থেকে সকালে পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মোমেন আকনকে (২৫) আমতলী থানার পুলিশ গ্রেপ্তার করে। তিনি পুলিশের ওপর হামলার মামলার আসামি।
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ১ নম্বর মেরুং ইউনিয়ন থেকে বেলা ১১টায় অস্ত্র ও গুলিসহ দুই যুবককে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তাঁদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।