যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ৬০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় বুধবার ভোর থেকে গতকাল সকাল পর্যন্ত অভিযান চালায় যৌথ বাহিনী। সকালে রাজনগর গ্রাম থেকে তোলা। ছবি প্রথম আলো
মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় বুধবার ভোর থেকে গতকাল সকাল পর্যন্ত অভিযান চালায় যৌথ বাহিনী। সকালে রাজনগর গ্রাম থেকে তোলা। ছবি প্রথম আলো

আসন্ন নির্বাচন সামনে রেখে যৌথ বাহিনীর অভিযান ও ধরপাকড় অব্যাহত রয়েছে। গত বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত বগুড়ার শেরপুর, লালমনিরহাটের পাটগ্রাম, ফেনী, ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন স্থান থেকে বিএনপি ও জামায়াত-শিবিরের আরও ৬০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ১৮-দলীয় জোটের লাগাতার হরতাল-অবরোধ কর্মসূচি চলাকালে সহিংসতা ও নাশকতার ঘটনায় জড়িত থাকার সন্দেহে এবং বিভিন্ন মামলায় এসব নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বগুড়ার শেরপুর উপজেলার শুভগাছা, শালফা ও হামছায়াপুর এলাকায় বুধবার রাতে অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের সাতজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে জামায়াত-শিবিরের ছয়জন। অভিযানে নেতৃত্বে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবদুল ওয়ারিশ। স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ হাশমী বলেন, ১২ ডিসেম্বর রাতে উপজেলার শেরপুর-ধুনট সড়কের শুভগাছা এলাকায় করাতকল-শ্রমিক সোনাউল্লাহ শেখের কবজি কেটে নেওয়ার মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। ফেনীতে যৌথ বাহিনীর অভিযানের দ্বিতীয় দিন বুধবার রাতে বিএনপি ও জামায়াত-শিবিরের ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ, র‌্যাব ও বিজিবির সদস্যরা সদর উপজেলার রামপুর, সিলোনীয় ও কাজীরবাগ এলাকা থেকে ১১ জন এবং দাগনভূঞা উপজেলার বিভিন্ন স্থান থেকে চারজনকে গ্রেপ্তার করেন। ব্রাহ্মণবাড়িয়ায় নাশকতার অভিযোগে গতকাল সকালে জেলার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে বিএনপি-জামায়াতের ১০ জনকে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন নাজমুল হাসান, শারফিন আহমেদ, কাজল মিয়া, হুমায়ুন কবীর, আলী আশরাফ ও তোফাজ্জল হোসেন। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী ও জোংড়া ইউনিয়নের কয়েকটি গ্রাম থেকে বুধবার রাতে সাতজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন মোমিনপুর গ্রামের সোলেমান, কুচলিবাড়ী গ্রামের আজিজার রহমান, আবদুল মালেক, মোস্তাফিজুর রহমান, কেরামত আলী, রহমানপুর গ্রামের সফিয়ার রহমান ও তাঁর স্ত্রী রহিমা বেগম। তাঁদের গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
চট্টগ্রামের সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) রেহানা আক্তার জানান, সীতাকুণ্ডে গত মঙ্গলবার সাতটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় করা দুটি মামলায় জড়িত সন্দেহে পুলিশ বুধবার পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৮ জনকে গ্রেপ্তার করেছে।
সিলেট জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বিয়ানীবাজার উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করেছে থানার পুলিশ। গতকাল বিকেলে পৌর শহরের কলেজ রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, আবদুল্লাহ আল মামুন পুলিশের ওপর হামলাসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি।
১২ ডিসেম্বর রাতে কুড়িগ্রামের ভোগডাঙ্গা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কার্যালয় ভাঙচুরের ঘটনায় করা মামলায় গতকাল ভোররাতে জামায়াতের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন আবদুস সবুর ও নওশাদ আলী। ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মোসলেম উদ্দিন ২৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১০০ জনকে আসামি করে কুড়িগ্রাম থানায় ওই মামলাটি করেন। জেলার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মিয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।