যৌথ বাহিনীর অভিযানে তিন জেলায় আটক ১১৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া, দিনাজপুর ও সিরাজগঞ্জে যৌথ বাহিনী গতকাল শনিবার রাত থেকে অভিযান চালিয়ে ১১৭ জনকে আটক করেছে। আটক হওয়া লোকজন ১৮-দলীয় জোটের নেতা-কর্মী বলে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে। এর মধ্যে বগুড়া থেকে ৬৪, দিনাজপুর থেকে ৪৯ এবং সিরাজগঞ্জ থেকে চারজনকে আটক করা হয়।

আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয়ের পাঠানো খবর:

বগুড়া: শাজাহানপুরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে উপজেলা জামায়াতের নায়েবে আমির, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতাসহ ৬৪ জনকে আটক করেছে বলে পুলিশ জানিয়েছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জানান, সরকারের দমন-পীড়নের অংশ হিসাবে এসব নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতিবাদে আগামীকাল সোমবার ওই উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে। জেলা পুলিশ সুপার মো. মোজাম্মেল হক জানান, গতকাল রাতে ঢাকা-রংপুর মহাসড়কে অবরোধকারীরা গাড়ি ভাঙচুর, গাড়ি লক্ষ্য করে ককটেল ও পেট্রলবোমা ছোড়ে। পুলিশের কাছে খবর ছিল, আজ শাজাহানপুরের মাঝিড়া বন্দরে নাশকতার নতুন পরিকল্পনার বৈঠক চলছে। পরে রাত সাড়ে ১২টার দিকে শাজাহানপুর উপজেলায় পুলিশ, র্যাব ও ডিবি যৌথ অভিযান  চালায়। পুলিশ সেখান থেকে ৬৪ জনকে আটক করেছে। এর মধ্যে নিরীহ কেউ আটক হয়ে থাকলে যাচাই-বাছাই শেষে ছেড়ে দেওয়া হবে।

আজ বেলা দুইটার দিকে বগুড়ার সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান গোয়েন্দা কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের জানান, অভিযানে উপজেলা জামায়াতের নায়েবে আমির আবদুল লতিফ, মাঝিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস সালাম, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুর মাহমুদ, আড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রুবেল হাসান ও চুপিনগর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মারুফ রহমানসহ ৬৪ জনকে আটক করা হয়েছে।

 দিনাজপুর: জেলার পুলিশ সুপার মো. রুহুল আমিন জানান, শনিবার রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ১৩ উপজেলা থেকে ১৮ দলের ৪৯ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে। আটক হওয়া লোকজনের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ড, ভাঙচুর এবং সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে মামলা আছে। জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানান।

সিরাজগঞ্জ: জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, জেলা মহিলা জামায়াতের সেক্রেটারিসহ চারজনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে ডিবি ও র্যাব যৌথ অভিযান চালিয়ে  তাঁদের আটক করে। জামায়াতের রাজনীতিতে সুসংগঠিত করা এবং নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে নারীদের আটক করা হয়েছে বলে তিনি জানান।  আটক লোকজনকে ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

যাঁদের আটক করা হয়েছে তাঁরা হলেন, জেলা জামায়াতের সেক্রেটারি মরিয়ম বেগম, দলের কর্মী নিলা খাতুন, সানজিদা-বিনতে-আনোয়ার ও আবদুস সালাম।

গাইবান্ধা: গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, গতকাল শনিবার রাত থেকে আজ রোববার শেষ খবর পাওয়া পর্যন্ত যৌথ বাহিনী অভিযান চালিয়ে চার নারীসহ ১৮ জনকে আটক করেছে। তাঁরা জামায়াত-শিবির ও বিএনপির নেতা-কর্মী বলে পুলিশ জানায়।

পুলিশ আরও জানায়, পলাশবাড়ি উপজেলা থেকে ১০ জন, সাদুল্যাপুর থেকে চারজন, সদর উপজেলা থেকে তিনজন ও সাঘাটা উপজেলায় একজনকে আটক করা হয়। আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়। ঢাকা-রংপুর মহাসড়কের যানবাহন ভাঙচুর, অগ্নিসংযোগ, গাছ কেটে রাস্তায় ব্যারিকেড দিয়ে অবরোধ সৃষ্টিসহ রাষ্ট্রীয় কাজে বাধা সৃষ্টির অভিযোগে তাঁদের আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।