যৌথ বাহিনীর অভিযানে পাঁচ জেলায় গ্রেপ্তার ৩১
বিএনপি নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের হরতাল-অবরোধ কর্মসূচি এবং জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিভিন্ন সহিংসতা, নাশকতার ঘটনায় জড়িত অভিযোগে পাঁচ জেলা থেকে আরও ৩১ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গত সোমবার রাত থেকে গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত গ্রেপ্তার হওয়া এসব ব্যক্তি বিএনপি ও জামায়াত-শিবিরের নেতা-কর্মী বলে পুলিশ জানিয়েছে।
সাতক্ষীরার কলারোয়া ও কালীগঞ্জ উপজেলা থেকে ১১ জন বিএনপি ও জামায়াতের কর্মীকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন কলারোয়ার আবদুল্লাহ সরদার, আবদুর রহমান, আবদুর রহমান নামের আরেকজন, মফফার মোড়ল, শাহাদাত হোসেন, জাহাঙ্গীর হোসেন, শাহজাহান সরদার, শরিফুল ইসলাম, আবদুল হামিদ, মো. সানাউল্লাহ ও কালীগঞ্জের সাঈদ হোসেন।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে শাকদাহ গ্রামের মো. সানাউল্লাহ বিএনপির ও অন্যরা জামায়াতের কর্মী। তাঁদের বিরুদ্ধে গাছ কেটে সড়ক অবরোধ, সরকারি কাজে বাধা দেওয়াসহ একাধিক অভিযোগে মামলা রয়েছে।
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা, বাজালিয়া, সোনাকানিয়া ও কাঞ্চনা ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে জামায়াত-শিবিরের আটজন কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন আহমদ নবী, মোহাম্মদ হোসেন, হোসাইন মোহাম্মদ আজিজ, মো. আয়ুব আলী, জহির আহমদ, বদরুল ইসলাম, এনামুল হক চৌধুরী ও এরশাদুর রহমান।
সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) শেখ মো. নেয়ামত উল্লাহ বলেন, গ্রেপ্তার হওয়া জামায়াত-শিবিরের কর্মীরা উপজেলায় সহিংসতা এবং নির্বাচনকালে ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ-ভাঙচুরের সঙ্গে জড়িত।
পাবনার ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় পুড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে জামায়াত-শিবিরের সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, গত বছরের ২৭ নভেম্বর বোমা হামলায় মুন্নাস নামে জামায়াতের এক কর্মী নিহত হলে জামায়াত-শিবিরের কর্মীরা ওই কার্যালয়ে আগুন ধরিয়ে দেন। এ ঘটনায় করা মামলায় এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন আবুল কাসেম, সোহেল, সোহান, কানন, মনজুর, রুবেল ও ইসমাইল।
সিরাজগঞ্জে নাশকতার অভিযোগে করা মামলায় উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আবুল বাশারকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে নিজ বাড়ি দুর্গানগর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা জানান, আবুল বাশারকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
দিনাজপুরের পার্বতীপুরে ভোটকেন্দ্রে হামলা ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির দুই কর্মীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন উপজেলার হয়বৎপুর গ্রামের মাফিজুল হক ও হাসান আলী। তাঁরা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। নির্বাচনের দিন মোমিনপুর ইউনিয়নের একটি ভোটকেন্দ্রে সহিংসতা চলার সময় পুলিশের গুলিতে তাঁরা আহত হয়েছিলেন। এ ছাড়া মঙ্গলবার রাতে পার্বতীপুর উপজেলার পাটিকাঘাট মণ্ডলপাড়া গ্রাম থেকে আবদুল লতিফ মণ্ডল ও সদর উপজেলার গোয়ালহাট মেলা এলাকা থেকে নূরুন্নবী মোল্লা নামের আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা বিএনপির কর্মী।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান চৌধুরী জানান, ভোটকেন্দ্রে সহিংসতার ঘটনায় পার্বতীপুরে গত ১০ দিনে ১৮টি মামলায় এ পর্যন্ত বিএনপি-জামায়াতের আট কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন: নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা ও সিরাজগঞ্জ এবং সাতকানিয়া (চট্টগ্রাম), ঈশ্বরদী (পাবনা) ও পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি]