সাতক্ষীরা সদর উপজেলার ১০ নম্বর আগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাময়িক বরখাস্ত হওয়া চেয়ারম্যান আনারুল ইসলাম (৪৫) গতকাল সোমবার যৌথ বাহিনীর গুলিতে নিহত হয়েছেন। একই দিন সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের নেতা সাইফুল ইসলামকে (৪০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
যৌথ বাহিনীর ওপর জামায়াত-শিবিরের কর্মীদের হামলার পর দুই পক্ষের মধ্যে গুলিবিনিময়ে আনারুল নিহত হন বলে পুলিশ দাবি করেছে। তবে পরিবারের দাবি, সাংবাদিক পরিচয়ে তাঁকে সকালে বাড়ি থেকে ডেকে নেওয়ার পর দুপুরে তাঁর লাশ পাওয়া যায়।
পুলিশ সূত্র জানায়, গতকাল বেলা দেড়টার দিকে যৌথ বাহিনীর সদস্যরা সদর উপজেলার কুশখালী ইউনিয়নের শিকড়ি এলাকার একটি পুকুরের পাশ থেকে গুলিবিদ্ধ অবস্থায় ইউপি চেয়ারম্যান আনারুলকে উদ্ধার করেন। পরে জেলা সদর হাসপাতালে পাঠালে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ব্যক্তিগত জীবনে আনারুল অবিবাহিত।
সদর হাসপাতালের চিকিৎসক রবিউল ইসলাম জানান, আনারুলের গলা ও শরীরের বিভিন্ন স্থানে গুলি লেগেছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও লাবসা ইউপির চেয়ারম্যান আবদুল আলিম জানান, আনারুল আগে বিএনপির সমর্থক ছিলেন। কিছুদিন ধরে তিনি জামায়াতের নেতা-কর্মীদের সঙ্গে চলাফেরা করছেন।
আনারুলের ভাবি পাপিয়া খাতুন জানান, সাংবাদিক পরিচয়ে কয়েকজন ব্যক্তি গতকাল সকালে আনারুলের সঙ্গে দেখা করতে আসেন। তাঁরা তাঁকে নিয়ে বাড়ির বাইরে যান। এর পর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। দুপুরে জানতে পারেন, গুলিতে তিনি মারা গেছেন। তবে কীভাবে ও কারা তাঁকে হত্যা করেছে, তা তিনি জানেন না।
পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবিরের ভাষ্যমতে, যৌথ বাহিনী নিয়মিত টহলের অংশ হিসেবে গতকাল দুপুরে ভাদড়া এলাকায় যায়। এ সময় জামায়াত-শিবিরের ২০০ থেকে ২৫০ জন কর্মী তাদের ওপর হামলা চালান। জামায়াত-শিবিরের কর্মীরা ইটপাটকেল, ককটেল ও গুলি ছোড়েন। যৌথ বাহিনী পাল্টা গুলি চালায়। প্রায় এক ঘণ্টা গুলিবিনিময়ের পর হামলাকারীরা পালিয়ে যান। পরে যৌথ বাহিনী ঘটনাস্থল থেকে আনারুলকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। সেখান থেকে একটি পাইপগান ও তিনটি দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। আনারুলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে সদর থানায় ছয়টি মামলা রয়েছে।
আগরদাঁড়ি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল মান্নান বলেন, সরকারি গাছ কাটা ও নাশকতায় জড়িত থাকার অভিযোগে গত ৭ এপ্রিল স্থানীয় সরকার মন্ত্রণালয় চেয়ারম্যানের পদ থেকে আনারুলকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেয়।
গতকাল বিকেল পাঁচটার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক সাইফুলকে বঙ্গবন্ধু সেতুর সংযোগ সড়কের বাঐতারা এলাকায় কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বাসুদেব সিনহার ভাষ্যমতে, পূর্বশত্রুতার জের ধরে ১৮ দলের নেতা-কর্মীরা বিকেলের দিকে সাইফুলকে বাড়ি থেকে ডেকে নেন। পরে ওই সড়কের বেইলি সেতুর পাশে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে চলে যান। পুলিশ ঘটনাস্থল থেকে সাইফুলের লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। সাইফুলের বাড়ি বাঐতারা গ্রামে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে এম হোসেন আলী অভিযোগ করেন, ‘১৮ দলের নেতা-কর্মীরা পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।’
অভিযোগের ব্যাপারে জানতে বিএনপি ও জামায়াতের স্থানীয় দায়িত্বশীল নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে যৌথ বাহিনীর অভিযানের পর গ্রেপ্তার এড়াতে বেশির ভাগ নেতা-কর্মী পালিয়ে বেড়াচ্ছেন।